'প্রতারক' দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা
জালিয়াতির মাধ্যমে শুল্কমুক্ত গাড়ি কেনাবেচার অভিযোগে শেখ রইসউদ্দৌলা প্রিন্স ও তাঁর স্ত্রী ফাতেমা বেগম লাকীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বুধবার দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম বাদী হয়ে কাফরুল থানায় এ মামলা করেন।
দুদক সূত্র জানায়, রইসউদ্দৌলা প্রিন্স ও লাকীর নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে ভুয়া ট্রেজারি চালান এবং শুল্ক করাদি পরিশোধের জাল চালানে শুল্কমুক্ত গাড়ি কেনাবেচার নামে প্রতারণা করে আসছিলেন।
মামলার এজাহারে বলা হয়, শেখ রইসউদ্দৌলা ও ফাতেমা বেগম পেশাদার প্রতারক চক্রের নেতৃত্ব দিচ্ছেন। সবশেষ তাঁরা ভারতীয় দূতাবাস থেকে ১ লাখ ৪৯ হাজার ৫০ টাকার ভুয়া চালান দাখিল করে একটি পুরনো টয়োটা গাড়ি (নম্বর-দ-৫৯-০১৩) কেনেন এবং শুল্ক কর্তৃপক্ষের ভুয়া অনাপত্তিপত্র, আয়কর সার্টিফিকেট ব্যবহার করে বিআরটিএ থেকে নতুন করে রেজিস্ট্রেশন (ঢাকা মেট্রো-গ-২১-০৬২৬) নম্বর নেন। গুলশানের কালাচাঁদপুরের ঠিকানায় অস্তিত্বহীন জনৈক আব্দুল আজিজকে টেন্ডারে অংশগ্রহণ দেখিয়ে দূতাবাস থেকে তাঁরা এই গাড়ি হাতিয়ে নেন।
এভাবে চক্রটি ২০০৪ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত ব্যাংকের ভুয়া ট্রেজারি চালান এবং শুল্ক করাদি পরিশোধের জাল কাগজ ব্যবহার করে ৫০ টিরও বেশি শুল্কমুক্ত বিদেশি গাড়ি হাতিয়ে নেয়। এর মধ্যে ঢাকার বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) কার্যালয় থেকে শুল্কমুক্ত সুবিধায় আনা ২১টি গাড়ি, বাংলাদেশি বংশোদ্ভূত ৬ বিদেশি নাগরিকের কাছ থেকে ৬টি জিপ গাড়িও রয়েছে। রইসউদ্দৌলা ও লাকীর কাছ থেকে গাড়ি কিনে বিপাকে পড়েছেন বহু ক্রেতা।