'প্রতিকূলতা ডিঙিয়ে এগিয়ে যাচ্ছেন প্রতিবন্ধী শিক্ষার্থীরা'
নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাত গুণীজনকে সংবর্ধনা দিয়েছে ডিসঅ্যাবল স্টুডেন্টস সোসাইটি অব চিটাগাং ইউনিভার্সিটি (ডিসকু)। একই সঙ্গে সংগঠনটি নবীনদেরও বরণ করে নিয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন ও নবীনবরণ উপলক্ষে গতকাল সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, প্রতিবন্ধী শিক্ষার্থীরা শারীরিক প্রতিকূলতা অতিক্রম করে এগিয়ে যাচ্ছেন। সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাঁরা নিজ যোগ্যতায় প্রতিষ্ঠিত হচ্ছেন। তাঁরা প্রশংসার দাবিদার, সবার অনুপ্রেরণা। তাঁদের এগিয়ে নেওয়ার জন্য সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শিরীন আখতার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কামরুল হুদা, প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী, সমাজতত্ত্ব বিভাগের সভাপতি লুৎফুন নাহার বেগম, অধ্যাপক গাজী সালেহ উদ্দিন, নাট্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক কুন্তল বড়ুয়া, বেসরকারি সংগঠন ইপসার প্রধান নির্বাহী পরিচালক আরিফুর রহমানকে সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া ভালো ফলের জন্য পাঁচজন প্রতিবন্ধী শিক্ষার্থীকেও সম্মাননা দেওয়া হয়।
ডিসঅ্যাবল স্টুডেন্টস সোসাইটি অব চিটাগাং ইউনিভার্সিটির সভাপতি সোলায়মান বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শিরীন আখতার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কামরুল হুদা, নাট্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক কুন্তল বড়ুয়া, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক এম শফিকুল আলম, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ফরিদুল আলম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সদস্য মোশারফ হোসেন।