আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট দক্ষিণাঞ্চলে একটি সমুদ্রবন্দর ও জাহাজ নির্মাণ শিল্প প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিল। এ ছাড়া বরিশালে মেরিন একাডেমি, জাদুঘর, শিশু হাসপাতাল নির্মাণ ও কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলারও কথা বলেছিল তারা। মহাজোট সরকারের তিন বছর পেরিয়ে গেলেও বেশির ভাগ প্রতিশ্রুতিই বাস্তবায়িত হয়নি।অন্যদিকে, ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি বরিশালে এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুতি দিয়েছিলেন, ‘দক্ষিণাঞ্চল আর অবহেলিত থাকবে না। দক্ষিণাঞ্চলের মানুষ আমাদের ভোট দিয়ে সম্মান দিয়েছে, আমরা সেই সম্মানের প্রতিদান দেব।’ওই জনসভায় প্রধানমন্ত্রী আরও অঙ্গীকার করেন, আগামী শিক্ষাবছরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরু করা হবে। ঢাকা থেকে বরিশাল-কুয়াকাটা সড়কে সব রাস্তাঘাট ও নদীর ওপর সেতু নির্মাণসহ যা যা প্রয়োজন, সব করা হবে। পদ্মা সেতু নির্মাণ ও বরিশাল পর্যন্ত রেললাইন স্থাপন করা হবে। বিশেষত, বরিশাল-কুয়াকাটার পায়রা নদীতে সেতু নির্মাণ, বরিশাল-ভোলা মহাসড়ক ও কালাবদর-তেঁতুলিয়া সেতু এবং বরিশাল-পিরোজপুরের বেকুটিয়া সেতু নির্মাণ করা হবে। ভোলার গ্যাস দিয়ে বিদ্যুৎকেন্দ্র স্থাপন করে বরিশালসহ দক্ষিণাঞ্চলকে আলোকিত করা হবে।প্রধানমন্ত্রীর এসব প্রতিশ্রুতি ছিল মহাজোটের নির্বাচনী প্রতিশ্রুতিরই পুনরাবৃত্তি।বিরোধী দল বিএনপির মতে, তিন বছরে সরকারের সাফল্য বলতে কিছুই নেই। অন্যদিকে ক্ষমতাসীন দল বলছে, তাদের ব্যর্থতা কিছু আছে, তবে সাফল্যও কম নয়। আর সাধারণ মানুষ হিসাব কষছে, দক্ষিণাঞ্চল কি মহাজোটকে দেওয়া সম্মানের প্রতিদান পেয়েছে?প্রতিশ্রুতি: মহাজোটের নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে আরও ছিল: বরিশালে প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, পাইপলাইনের মাধ্যমে ভোলার গ্যাস বরিশালে আনা, বরগুনার তালতলীতে তৃতীয় সমুদ্রবন্দর নির্মাণ, বিমানবন্দর সচল, বিভাগীয় শহরে ভালো মানের সরকারি বিদ্যালয় প্রতিষ্ঠা, চিড়িয়াখানা ও ইকোপার্ক প্রতিষ্ঠা, শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করা, নগরের বাইরে আধুনিক বাস ও ট্রাক টার্মিনাল নির্মাণ, পটুয়াখালীর মহিপুর ও বরগুনার পাথরঘাটায় আধুনিক মৎস্যবন্দর নির্মাণ। প্রাপ্তি: এত প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে বরিশালবাসীর সামান্য প্রাপ্তির মধ্যে রয়েছে, জেলা স্কুলের অতিরিক্ত ভবনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শুরু। কীর্তনখোলা নদীর ওপর নির্মিত শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতুর উদ্বোধন। টেক্সটাইল ইনস্টিটিউটকে প্রকৌশল কলেজে উন্নীত করা। দক্ষিণাঞ্চলের নৌ-রুটে লঞ্চের ‘রোটেশন পদ্ধতি’ বাতিল।শিক্ষা খাত: মহাজোটের শরিক জাতীয় পার্টির বরিশাল জেলা সভাপতি মহসিন উল ইসলাম বলেন, বরিশাল নগরে দুটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়া হলেও তা এখনো বাস্তবায়িত হয়নি। বরিশালে প্রকৌশল বিশ্ববিদ্যালয় করার কথা থাকলেও তা করা হয়নি।অবকাঠামো: বরিশাল বিভাগ উন্নয়ন ও সংরক্ষণ কমিটির সদস্যসচিব মিজানুর রহমান বলেন, কুয়াকাটাকে আধুনিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রকল্প হিমাগারে। পাথরঘাটার মৎস্যকেন্দ্র আধুনিকায়নের কোনো উদ্যোগ চোখে পড়ছে না।মানবাধিকার জোট বরিশালের সভাপতি সৈয়দ হাবিবুর রহমান বলেন, সিডর ও আইলাবিধ্বস্ত উপকূলীয় এলাকার বেড়িবাঁধ সংস্কার প্রকল্প বাস্তবায়িত হয়নি।বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহসভাপতি সাইদুর রহমান বলেন, গ্যাসভিত্তিক শিল্পকারখানা গড়ে তোলার স্বপ্ন স্বপ্নই রয়ে গেছে। বরগুনার তালতলীতে তৃতীয় সমুদ্রবন্দর করার বিষয়টি পরিকল্পনার মধ্যেই সীমাবদ্ধ। রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) করার কোনো উদ্যোগ নেই। আধুনিক নৌবন্দর, মেরিন একাডেমি এবং জাহাজ নির্মাণ কারখানা চালু করার অঙ্গীকার থাকলেও তা আলোর মুখ দেখেনি।বাংলাদেশের কমিউনিস্ট পার্টির বরিশাল জেলা সভাপতি এ কে আজাদ বলেন, কৃষিভিত্তিক শিল্পকারখানা গড়ে তোলার কথা থাকলেও বাস্তবে তা হয়নি। গ্যাস সরবরাহের প্রত্যাশা পূরণ হয়নি।সংস্কৃতি ও বিনোদন: বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজল ঘোষ বলেন, ‘সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আধুনিক নাট্যমঞ্চ প্রতিষ্ঠা করার কথা থাকলেও আজও তা বাস্তবায়িত হয়নি।’ শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে বলেন, শিশুদের বিনোদনকেন্দ্র প্রতিষ্ঠা হয়নি। চিড়িয়াখানা ও ইকোপার্ক স্বপ্নই রয়ে গেছে।যোগাযোগব্যবস্থা: বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন বলেন, বিভাগীয় পর্যায়ে মানসম্পন্ন বাস টার্মিনাল স্থাপন করার কথা থাকলেও বাস্তবায়িত হয়নি। হয়নি ট্রাক টার্মিনাল, বাইপাস সড়ক।এ ছাড়া বরিশাল বিমানবন্দর দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় পড়ে রয়েছে।বরিশাল নদী, খাল ও জলাশয় রক্ষা আন্দোলন কমিটির সদস্যসচিব কাজী এনায়েত হোসেন বলেন, ‘এ অঞ্চলের নদী-খাল সংস্কার ও সংরক্ষণে পদক্ষেপ নেওয়ার কথা থাকলেও বাস্তবে তা হয়নি। আমাদের নৌপথ সংকুচিত হয়ে গেছে। বারবার আশ্বাস ছাড়া নৌপথ সংরক্ষণের কোনো উদ্যোগ নেই।’সাফল্য নেই: তিন বছরে বরিশালের উন্নয়ন প্রসঙ্গে মহানগর বিএনপির সভাপতি ও সাংসদ মজিবর রহমান সরোয়ার বলেন, মহাজোট সরকারের কর্মকাণ্ড শুধু বক্তৃতা ও বিবৃতির মধ্যেই সীমাবদ্ধ। তারা দক্ষিণাঞ্চলে এমন একটি স্থাপনাও দেখাতে পারবে না, যা গত তিন বছরে করা হয়েছে। সাফল্য কম নয়!: বরিশাল মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ও সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন হিরন প্রথম আলোকে বলেন, ‘আমাদের ব্যর্থতা কিছু আছে, তবে সফলতাও কম নয়। দপদপিয়া সেতুর কাজ শেষ হয়েছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু ও প্রকৌশল কলেজ হয়েছে। দুই বছরের মধ্যে সড়কপথের সমস্যার সমাধান হয়ে যাবে। কুয়াকাটা সড়কের কাজ দ্রুত এগিয়ে চলেছে। তিনটি সেতুর দরপত্র আহ্বান হয়েছে।’