‘প্রতিনিধিদের’ কাছে চিকিৎসকেরা জিম্মি!
মঙ্গলবার, দুপুর ১২টা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বহির্বিভাগের ৩ নম্বর কক্ষ। বাইরে রোগীদের উপচে পড়া ভিড়। সবাই লাইনে দাঁড়িয়ে আছে। ভিড় ঠেলে হাতে কাগজের শপিং ব্যাগে কিছু নিয়ে এক ব্যক্তি চিকিৎসকের কক্ষে ঢুকে পড়লেন। হাসপাতালের কর্তব্যরত কর্মচারীরা তাঁকে বাধা দিলেন না। কিছুক্ষণ পর তিনি বাইরে এলেন। ব্যাগটি মুঠোয় পুরা। পরিচয় জানতে চাইলে নিজেকে তিনি একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি বলে পরিচয় দেন। নাম তাঁর জুয়েল আহাম্মেদ।রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সম্প্রতি ওষুধ কোম্পানির (ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান) প্রতিনিধিদের প্রবেশের ব্যাপারে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এর আওতায় প্রতিনিধিরা সকাল আটটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত কোনো চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন না। কিন্তু তাঁরা সেই নিষেধ মানছেন না। নির্ধারিত ব্যাগ বাইরে রেখে শপিং ব্যাগে করে নমুনা-ওষুধ নিয়ে চিকিৎসকের কক্ষে ঢোকেন তাঁরা।শুধু তা-ই নয়, এসব প্রতিনিধি চিকিৎসকের কক্ষের বাইরে দাঁড়িয়ে রোগীদের ব্যবস্থাপত্র যাচাই করে দেখেন তাঁর প্রতিষ্ঠানের ওষুধ চিকিৎসকেরা লিখছেন কি না। এসব দেখে রোগীরা প্রশ্ন তুলছেন—চিকিৎসকেরা কি ওষুধ কোম্পানির প্রতিনিধিদের কাছে জিম্মি?গত মঙ্গলবার দুপুর ১২টার পরপরই বহির্বিভাগের ৪ নম্বর কক্ষের সামনে গিয়ে দেখা গেছে, ভেতর থেকে বেরিয়ে আসা রোগীদের ব্যবস্থাপত্র যাচাই করছেন অপর একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি। জানতে চাইলে আবদুল মতিন নামের ওই প্রতিনিধি জানান, তাঁদের ওষুধ কত শতাংশ লেখা হচ্ছে, এটা দেখাই তাঁর দায়িত্ব।চক্ষু বিভাগের সামনে দেখা গেছে, একইভাবে একজন নারী প্রতিনিধি রোগীর হাত থেকে ব্যবস্থাপত্র নিয়ে যাচাই করছেন। পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি বলে জানান।শুধু দিনের বেলায় নয়, রাতেও এসব প্রতিনিধি বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে রোগীদের ব্যবস্থাপত্র যাচাই করেন। গত সোমবার রাত ১১টার দিকে হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে রাজু আহাম্মেদ নামের একজন প্রতিনিধি রোগীদের ব্যবস্থাপত্র যাচাই করছিলেন। এর আগের দিন এই কাজ করার সময় তিনি দুজন সাংবাদিকের কাছে নিজেকে হাসপাতালের চিকিৎসক বলে পরিচয় দিয়েছিলেন। সোমবার রাতে তাঁর আসল পরিচয় পেয়ে সাংবাদিকেরা তাঁকে ঘিরে ধরেন। খবর পেয়ে পুলিশ এসে রাজু আহাম্মেদ হাসপাতালের পুলিশ বক্সে নিয়ে যায়। সে সময় তিনি বলেন, ‘আমি ব্যবস্থাপত্র যাচাই করতে আসিনি। অন্য কাজে এসেছিলাম।’রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক মজিবর রহমান প্রথম আলোকে বলেন, ‘নিয়ম করার পর এ রকম অভিযোগ আমাদের কানে আসেনি।’ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন তিনি।