'প্রতিবন্ধী ক্রিকেটাররা কেন বিজ্ঞাপনের নায়ক নয়?'

শারীরিক প্রতিবন্ধী চাঁদের কণা। কাজ করছেন একটি বেসরকারি টেলিভিশনে সহকারী প্রোগ্রাম প্রডিউসার হিসেবে। তাঁর ভাষ্য, ‘সারা জীবন শুধু নানা ধরনের যন্ত্রণা পোহানোর জন্যই আমাদের জন্ম? সাপে না কামড়ালে কেউ সাপের কামড়ের যে কী জ্বালা তা বুঝতে পারে না। যারা প্রতিবন্ধী নন, তারা হয়তো আমাদের কষ্ট ততটা বুঝতে পারেন না। নিজের ঘরে প্রতিবন্ধী সন্তান জন্ম নিলে একেকজন সংগঠন গড়ে তোলেন। নিজের ঘরে এ ধরনের সন্তান জন্ম নেওয়ার আগেই এমন ধরনের সমাজ গঠন করুন যাতে সবাই ভালোভাবে বাঁচতে পারে।’
ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আজ শনিবার এক অনুষ্ঠানে এভাবেই কথাগুলো বললেন চাঁদের কণা। এটি ছিল প্রতিবন্ধীদের মূলধারার সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত করার জন্য সাংবাদিকতা–বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান। ইউরোপীয় ইউনিয়ন ও সাইটসেভারসের সহায়তায় ইনস্টিটিউট অব কমিউনিকেশন স্টাডিজ (আইসিএস) দেশে প্রথমবারের মতো শারীরিক প্রতিবন্ধীদের এ প্রশিক্ষণ দিচ্ছে।
প্রতিবন্ধী মানুষের কণ্ঠস্বর হিসেবে বের হওয়া ত্রৈমাসিক পত্রিকা ‘অপরাজেয়’ এর সম্পাদক হুইল চেয়ারে চলাচলকারী সাবরিনা সুলতানা বলেন, রিপোর্টার্স ইউনিটি একটি র্যাম্প তৈরির আশ্বাস দিয়েছিল। কিন্তু তা হয়নি। তিনি বিভিন্ন ভবনে খুব কম খরচে নির্মিত হতে পারে এ ধরনের র্যাম্প না থাকার ফলে নিজেদের চলাচলের ক্ষেত্রে অবর্ণনীয় দুর্ভোগের কথা তুলে ধরেন।
দৃষ্টি প্রতিবন্ধী ব্লাইন্ড ক্রিকেট দলের ক্যাপ্টেন হাফিজুর রহমান বুলেটসহ প্রতিবন্ধী অনেকেই আজ উপস্থিত ছিলেন এ অনুষ্ঠানে। সুপ্রিমকোর্টের আইনজীবী দৃষ্টিপ্রতিবন্ধী মোশাররফ হোসেন মজুমদার এবং জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি সাইদুল হক প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইনের দ্রুত বাস্তবায়নের দাবি জানান। তাঁরা জানান, ২০১৩ সালের আইনটির বিধিমালা এখনো তৈরি হয়নি।
অনুষ্ঠানে আইসিএস এর নির্বাহী পরিচালক শামীম আরা শিউলী জানান, প্রতিবন্ধী ব্যক্তিদের সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ চলবে পুরো সেপ্টেম্বর মাস। ২০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে যাঁরা মেধা ও দক্ষতার বিচারে ভালো করবেন, তাঁদের মধ্যে ১০ জন বিভিন্ন গণমাধ্যমে তিন মাস ইন্টার্নশিপের সুযোগ পাবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুপার নিউমেরারি অধ্যাপক সাখাওয়াত আলী খান।
অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ২০১৩ সালের প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ভিত্তিক আইনের কথা উল্লেখ কের বলেন, ‘২০১৩ সালে এসে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারকে গুরুত্ব দিয়ে আইন হলো। তাহলে দেশ স্বাধীনের পর থেকে এতগুলো সরকার কী করল? অতীতের সরকারগুলো সংবিধানের তোয়াক্কা না করে সমন্বিতভাবে দেশের কোনো উন্নয়ন করেনি। বর্তমান সরকার সংবিধানের প্রতি অনুগত সরকার। যার ফলে প্রতিবন্ধীসহ সব মানুষের বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।’
তথ্যমন্ত্রী প্রতিবন্ধী ব্যক্তিদের আলাদাভাবে না দেখে সমাজের মূলধারায় সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিয়ে বলেন, যে সরকার ও সমাজ প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি উদাসীন থাকে, তারা কিছু যোগ্য লোকের অবদান থেকে বঞ্চিত হয়। ফলে সমাজে ঘাটতি থেকে যায়।
অনুষ্ঠানের বিশেষ অতিথি জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘ক্রিকেট দলের খেলোয়াড়দের নিয়ে বিজ্ঞাপন তৈরি করা হচ্ছে। বিজ্ঞাপনে তাঁরা নায়ক হচ্ছেন। তাহলে প্রতিবন্ধী ক্রিকেটারদের কেন বিজ্ঞাপনের নায়ক বানানো হবে না? এ ক্ষেত্রে শুধু দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে।’
রাষ্ট্রের দায়িত্ব প্রসঙ্গে মিজানুর রহমান বলেন, রাষ্ট্রকে শুধু আইন করলেই হবে না, তা বাস্তবায়নেরও উদ্যোগ নিতে হবে। প্রতিবন্ধী নারীরাও যৌন হয়রানির শিকার হচ্ছে। ‘সহ্য করা হবে না’, ‘আইনের হাত থেকে কেউ ছাড় পাবে না’-শুধু এ ধরনের কথা না বলে এ ক্ষেত্রে সরকারকে বাস্তব পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান মিজানুর রহমান।
অনুষ্ঠানে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের হেড অব ইউনিট-হেড অব কো-অপারেশনের প্রধান মারিও রনকনি, সাইটসেভারসের দেশীয় পরিচালক খন্দকার আরিফুল ইসলাম, প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান এবং বিভিন্ন গণমাধ্যমের নীতিনির্ধারণী পর্যায়ের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।