'প্রতিবন্ধী বোলো না, আমাদের মানুষ বলো'
‘প্রতিবন্ধী বোলো না/ আমাদের মানুষ বলো’ শারীরিক প্রতিবন্ধী শিশু মাইমুনার পরিবেশন করা এই গান শুনে কোনো কোনো অতিথির চোখ ভিজে যায় জলে। গত শনিবার বিকেলে কিশোরগঞ্জ শহরের রাকুয়াইল এলাকার সুইড বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে এই গান পরিবেশন করে সে।
সুইড প্রতিবন্ধী ফাউন্ডেশনের জেলা কমিটির সহসভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিভাগের শিক্ষক মাহফুজ পারভেজ, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক কামরুজ্জামান খান ও প্রতিবন্ধী বিদ্যালয়টির প্রধান শিক্ষক রেজোয়ানা চৌধুরী।
জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস বলেন, প্রতিবন্ধী এই শিশুদের পাশে তিনি আছেন। তিনি সমাজের সহৃদয় মানুষদের প্রতিও আহ্বান জানান। শিক্ষা সহায়তার প্রতিশ্রুতি দেন। তিনি ২০ হাজার টাকা অনুদান দেন। তখন উপস্থিত কয়েকজন সব মিলিয়ে প্রায় এক লাখ টাকা অনুদানের প্রতিশ্রুতি দেন। পরে জেলা প্রশাসক বিদ্যালয়ের ৬৫ জন শিশুশিক্ষার্থীর জন্য টিফিনের ব্যবস্থা করেন। এ ছাড়া সরকারের ত্রাণ ও পুনর্বাসন খাত থেকে প্রত্যেক প্রতিবন্ধী শিশুর জন্য একটি করে কম্বল দেওয়ার আশ্বাস দেন।
সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক কামরুজ্জামান খান তাঁর কার্যালয়ের মাধ্যমে প্রতিবন্ধী শিশুদের জন্য উপবৃত্তির ব্যবস্থা করবেন বলে প্রতিশ্রুতি দেন।