'প্রতিবন্ধীরা দান-দয়ার বাজেট চান না'
প্রস্তাবিত বাজেটে প্রতিবন্ধী ব্যক্তিদের চাহিদার তুলনায় বরাদ্দ অনেক কম। বরাদ্দ দেওয়া ১ হাজার ৭০০ কোটি টাকার মধ্যে ভাতা খাতেই ব্যয় হবে অর্ধেক। শুধুমাত্র ভাতা দিয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন সম্ভব নয়। আর প্রতিবন্ধীরাও দান-দয়ার বাজেট চান না। তাঁদের সক্ষমতা বাড়ানোর জন্য পদক্ষেপ নিতে হবে।
গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে ‘জাতীয় বাজেট ২০১৭-১৮: প্রতিবন্ধী ব্যক্তিদের অবস্থান’ নিয়ে আয়োজিত বাজেট পরবর্তী প্রতিক্রিয়া অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। বেসরকারি উন্নয়ন সংস্থা ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা) এ অনুষ্ঠানের আয়োজন করে।
ইপসার প্রোগ্রাম ম্যানেজার ভাস্কর ভট্টাচার্য বলেন, বাজেটে অপ্রতুল বরাদ্দের কারণে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা কঠিন হয়ে পড়বে। বেসরকারি খাতে দৃষ্টি প্রতিবন্ধীদের চাকরির সুযোগ দেওয়া হয় না বলে অনুষ্ঠানে অভিযোগ করেন মো. হাসান নামের এক দৃষ্টি প্রতিবন্ধী।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইপসার কর্মকর্তা সাদিয়া তাজিন। মূল প্রবন্ধে প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরির কোটার (৫ শতাংশ) প্রয়োগ নিশ্চিত করাসহ ১০টি প্রস্তাব দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন, সাংবাদিক এম নাসিরুল হক, ইপসার প্রোগ্রাম অফিসার ওমর শাহেদ।