'প্রতিবাদী চেতনায় এগিয়ে যাবে প্রথম আলো'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলে বৃহস্পতিবার প্রথম আলো আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলী খান। ছবি: প্রথম আলো
টাঙ্গাইলে বৃহস্পতিবার প্রথম আলো আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলী খান। ছবি: প্রথম আলো

প্রতিবাদী চেতনাকে ধারণ করে প্রথম আলো এগিয়ে যাবে—এমন আশা প্রকাশ করেছেন টাঙ্গাইলের পাঠকেরা। আজ বৃহস্পতিবার টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে প্রথম আলোর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পাঠক সমাবেশে এ আশা ব্যক্ত করেন পাঠকেরা।

সমাবেশে রাজনীতিক, পেশাজীবী, শিক্ষক-শিক্ষার্থী এবং সংস্কৃতিকর্মীরা অংশ নেন। পাঠক সমাবেশটি পরিণত হয় এক মিলনমেলায়। বিকেল পাঁচটায় ভরে যায় পুরো বঙ্গবন্ধু মিলনায়তন। প্রথম আলোর টাঙ্গাইল প্রতিনিধি কামনাশীষ শেখরের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর ময়মনসিংহের সাত কিশোরীকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘সাত সাহসী’ প্রদর্শন করা হয়।

প্রামাণ্যচিত্র প্রদর্শন শেষে বক্তব্য দেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম। তিনি বলেন, ‘সংবাদপত্রের কাজ সত্যকে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরা। আমরা সে কাজটিই করছি। পত্রিকার মাধ্যমে আমরা মানুষের ঘুমন্ত প্রতিভা তুলে ধরতে চাই। আমাদের একমাত্র উদ্দেশ্য বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাওয়া।’

এরপর শুরু হয় পাঠকের প্রশ্নোত্তর পর্ব। ‘সাহিত্য পাতায় ঘুরিয়ে ফিরিয়ে কয়েকজনের লেখা ছাপা হয় কেন?’, ‘ঢাকার বাইরের সংস্কৃতি সংবাদ গুরুত্ব দিয়ে ছাপা হয় না কেন?’, ‘বিজ্ঞানচিন্তা, কিশোর আলোর দাম কমানো যায় কি না?’—এ রকম নানান প্রশ্ন করেন পাঠকেরা। মলাট বিজ্ঞাপন বিষয়েও সমালোচনা করে অনেক পাঠক এ থেকে বের হয়ে আসার আহ্বান জানান।

পাঠকদের প্রশ্নের জবাব দেন আব্দুল কাইয়ুম। তাঁর সঙ্গে ছিলেন প্রথম আলো জ্যেষ্ঠ সহসম্পাদক সৈয়দ মো. মুঈনুল হক।

পাঠকদের মধ্য থেকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলী খান, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান ও নাহার আহমেদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, উন্নয়ন সংগঠন এসএসএসের নির্বাহী পরিচালক আবদুল হামিদ ভূইয়া, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ ইবনে সাঈদ, টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের সহসভাপতি খন্দকার নাজিম উদ্দিন, সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা শাখার সহসভাপতি বাদল মাহমুদ, জেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর হাসান প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা বলেন, ‘প্রথম আলোর লাল সূর্য আমাদের মনে করিয়ে দেয় ৫২, ৬৯, ৭১, ৯০-এর শহীদদের রক্তের কথা। শহীদদের এই রক্তের ঋণের কথা মাথায় রেখেই আগামী দিনে প্রথম আলো স্বাধীনতার পক্ষের শক্তিকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবে।’

এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম, জেলা বিএনপির সহসভাপতি মাহমুদুল হক, সরকারি এমএম আলী কলেজের অধ্যক্ষ হিমাংশু কুমার আচার্য্য, টাঙ্গাইল প্রেসক্লাবের সহসভাপতি হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক আবদুল হামিদ, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া, জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আবুল কালাম মোস্তফা প্রমুখ।