বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে মারামারি-সন্ত্রাস যেন দূর হয়, অস্ত্রের ঝনঝনানি বন্ধ হয়, আর কোনো শিক্ষার্থী যেন লাশ হয়ে বাড়ি না ফেরে—এই দোয়াই করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত নাসরুল্লাহ নাসিমের বাবা মোসলেম উদ্দিন। গতকাল বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকনরেন্দ্র গ্রামের ঈদগাহ মাঠে বাবা নিজেই ছেলের জানাজা পরিচালনা করেন। পরে পারিবারিক কবরস্থানে দাদির কবরের পাশে নাসরুল্লাহকে দাফন করা হয়।জানাজায় অংশ নেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাতজন শিক্ষকসহ দেড় শতাধিক ছাত্র। গ্রামবাসীও এ সময় উপস্থিত ছিলেন। দোয়া শেষে প্রথম আলোকে মোসলেম উদ্দিন বলেন, ‘আমার ছেলের মৃত্যুতে যদি ছাত্রদের মধ্যে সন্ত্রাসবিরোধী মনোভাব জেগে ওঠে, তাদের যদি বোধোদয় ঘটে, তাহলে সান্ত্বনা পাব যে ছেলের মৃত্যু কাজে লেগেছে।’ তিনি আরও বলেন, ‘নাসিমের ত্রুটি ছিল একটাই। প্রতিবাদী ছিল সে। চোখের সামনে অন্যায় দেখলে চুপ করে থাকতে পারত না। এ জন্যই মরতে হলো তাকে। আমার ছেলে হত্যার যেন বিচার হয়। প্রকৃত দোষীরা যেন শাস্তি পায়।’বাবা মোসলেম জানান, তাঁর ছেলে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও ভর্তির সুযোগ পেয়েছিলেন। কিন্তু মায়ের থেকে দূরে যেতে চাননি বলে রাজশাহী বিশ্ববিদ্যালয়েই ভর্তি হন। ইচ্ছে হলেই যেন তাড়াতাড়ি মাকে দেখতে আসতে পারেন। মাও চেয়েছিলেন, ছেলে যেন কাছেই থাকে। তিনি বলেন, ‘আশা ছিল অবসরের পর ছেলেই সংসারের হাল ধরবে। কিন্তু সব আশাই শেষ হয়ে গেল।’জানাজার আগে নাসরুল্লাহ হত্যার যথাযথ বিচারের দাবি জানিয়ে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সভাপতি চিত্তরঞ্জন মিশ্র ও শিক্ষক আবুল কাশেম। শিক্ষকেরা জানান, নাসরুল্লাহ একজন মেধাবী ও জনপ্রিয় ছাত্র ছিলেন। প্রথম বর্ষের পরীক্ষায় তিনি প্রথম এবং দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষায় তৃতীয় হন।বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক আবুল কাশেম বলেন, ‘এসব হত্যাকাণ্ড ও সন্ত্রাসের ঘটনায় শিক্ষকদেরও বদনাম হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বলব, সন্ত্রাসী ঘটনায় জড়িত ও সন্ত্রাসী হিসেবে চিহ্নিতদের যেন বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়।’