'প্রতিবাদী স্লোগান' না থাকায় ফখরুলের ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নিজেদের দলের নামে ছাড়া কোনো ‘রাজনৈতিক স্লোগান’ না থাকায় দলের একটি কর্মসূচিতে প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত একটি প্রতিবাদ সভায় ফখরুল এই ক্ষোভ প্রকাশ করেন। ঢাকা মহানগর বিএনপি তারেক রহমানকে নিয়ে প্রধানমন্ত্রী ও তাঁর ছেলের ‘কটূক্তির’ প্রতিবাদে ওই সভার আয়োজন করে। বিএনপি ছাড়াও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তাতে অংশ নেন।
সভার প্রথম থেকেই একেকজন বক্তা বক্তব্য শুরু করার আগে দর্শক সারিতে থাকা কর্মীরা স্লোগান শুরু করেন। বিশেষ করে ছাত্রদল ও যুবদলের কর্মীরা এ ক্ষেত্রে পাল্লা দিয়ে স্লোগান দিয়েছেন। ‘এই কোনো দল আছে...ছাত্রদল,’ ‘এই কোনো দল আছে...যুবদল’ ‘এই কোনো নেত্রী আছে...আছে...কোন সে নেত্রী...খালেদা জিয়া,’ ‘খালেদা...জিয়া’, ‘তারেক...রহমান’—এ ধরনের দল ও ব্যক্তিকেন্দ্রিক স্লোগানের বাইরে কোনো স্লোগান ছিল না।
এতে প্রথমে মঞ্চে বসে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় মির্জা ফখরুলকে। তবে বক্তব্য দিতে গিয়ে তিনি সবার সামনেই সেই ক্ষোভ ঝেড়েছেন। তবে দলের শীর্ষ দুই নেতাকে নিয়ে দেওয়া স্লোগান নিয়ে তিনি কিছু বলেননি।

বক্তব্যের শুরুতে মির্জা ফখরুল নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আজকের সমাবেশটি দলের সিনিয়র ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী ও তাঁর ছেলের কটূক্তির প্রতিবাদে। কটূক্তির প্রতিবাদে স্লোগান হওয়া উচিত। স্লোগানগুলো রাজনৈতিক হওয়া চাই।’ তিনি বলেন, শুধু দলের নামে স্লোগান হচ্ছে। কটূক্তির প্রতিবাদে, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে কোনো স্লোগান নেই।