'প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার সময় এসেছে'
অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, সীমান্তে ভারত যেভাবে কাঁটাতারের বেড়া দিয়ে আটকে রেখেছে, তাতে নিজেদের স্বাধীন দেশে জেলখানায় থাকার মতো মনে হয়। তিনি বলেন, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক কেমন হবে, তা পুনর্বিবেচনার সময় এসেছে।
গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) রাজু ভাস্কর্যের সামনে একটি প্রতিবাদী কনসার্টে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ এসব কথা বলেন। তিনি ছাড়াও জাতীয় মুক্তি কাউন্সিলের ফয়জুল হাকিমসহ আরও কয়েকজন বক্তব্য দেন।
বাংলাদেশ-ভারত সীমান্তে কুড়িগ্রামের অনন্তপুর-দিনহাটা এলাকায় ২০১১ সালের ৭ জানুয়ারি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা ফেলানী খাতুন নামের এক কিশোরীকে গুলি করে হত্যা করে। তার লাশ পাঁচ ঘণ্টা কাঁটাতারে ঝুলে ছিল। ওই দিনটির স্মরণে ও সীমান্ত হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কনসার্টের আয়োজন করেন।
‘সীমান্তে মৃত্যুর মিছিল, জাগো জনপদ’ শিরোনামে ‘অ্যাগেইনস্ট বর্ডার কিলিং’ শীর্ষক এই কনসার্ট অনুষ্ঠিত হয়। ‘মুক্তির মঞ্চের’ গান দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে গান পরিবেশ করে নিপাতনে সিদ্ধ, শহরতলি, চিৎকার, মনোসরণি, লীলা মাভৈ। এ ছাড়া সৈয়দ ফরহাদ গান পরিবেশন করেন।