কক্সবাজারে সিভিল ইঞ্জিনিয়ারদের আন্তর্জাতিক সম্মেলন
'প্রতিযোগিতায় টিকে থাকার সামর্থ্য বাড়াতে হবে'
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এ জন্য শিক্ষা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার পাশাপাশি এর গুণগত মান বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। টেকসই উন্নয়নের মাধ্যমে ঝুঁকি কমাতে হবে, প্রতিযোগিতায় টিকে থাকার সামর্থ্য বাড়াতে হবে। সৃষ্টিশীল উদ্ভাবনের মাধ্যমে টেকসই ভবিষ্যৎ গড়তে সিভিল ইঞ্জিনিয়ারদের ভূমিকা গুরুত্বপূর্ণ।
গতকাল বুধবার দুপুরে কক্সবাজার সৈকতের একটি হোটেলে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আয়োজিত ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অ্যাডভান্সেস ইন সিভিল ইঞ্জিনিয়ারিং’ শীর্ষক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, চুয়েটের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম এবং দি ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সভাপতি প্রকৌশলী মো. কবির আহমদ ভূঞা।
সম্মেলনে সভাপতিত্ব করেন চুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক মো. আবদুর রহমান ভূঁইয়া। তিন দিনব্যাপী এই সম্মেলনে দেশি-বিদেশি ১৪৮ জন সিভিল ইঞ্জিনিয়ার অংশ নিচ্ছেন। শুভেচ্ছা বক্তব্য দেন ভারতের ইনস্টিটিউট অব টেকনোলজি বম্বের অধ্যাপক দীপঙ্কর চৌধুরী। স্বাগত বক্তব্য দেন চুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ফারজানা রহমান। দেশি-বিদেশি ১৪৮ জন সিভিল ইঞ্জিনিয়ার এই সম্মেলনে অংশ নিচ্ছেন।
অধ্যাপক আবদুল মান্নান বলেন, পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পসহ দেশের যেসব যুগান্তকারী মেগা প্রজেক্ট বাস্তবায়িত হচ্ছে সেখানে সিভিল ইঞ্জিনিয়ারদের অগ্রণী ভূমিকা রয়েছে। আগামী দিনে বাংলাদেশকে তাঁরা আরও এগিয়ে নেবেন।
চুয়েটের উপাচার্য মোহাম্মদ রফিকুল আলম বলেন, এ সম্মেলন গবেষণা ও ব্যবহারিক প্রয়োগকারীদের মাঝে সেতুবন্ধন রচনা করেছে।