'প্রতিরোধ নয় প্রতিশোধের সময় এসেছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম মনির-উজ-জামান বলেছেন ‘বাড়ি থেকে বের হয়েছি, আমরাও জানি না পথের কোথায়, কোন বাঁকে আমাদের জন্য মৃত্যু ওত পেতে বসে আছে। তাই এখন আর আমাদের প্রতিরোধের সময় নেই, এখন সময় হয়েছে প্রতিশোধের।’

গতকাল শনিবার সাম্প্রতিক সময়ে গুপ্তহত্যার বিষয়ে করণীয় ঠিক করতে আয়োজিত খুলনার আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

খুলনা সার্কিট হাউসের সভাকক্ষে জেলা প্রশাসন আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জঙ্গিবাদ ও গুপ্তহত্যা রুখতে পাড়া-মহল্লা ও ইউনিয়ন পর্যায়ে ভিলেজ ডিফেন্স পার্টি গঠনের প্রস্তাব করা হয়। স্বাধীনতার পক্ষের লোকজনকে নিয়ে গঠিত এ কমিটি লাঠি ও বাঁশি নিয়ে এলাকায় পাহারা দেবে। তা ছাড়া অপরিচিত কাউকে দেখলে তার তথ্য সংগ্রহ করে পুলিশকে জানানোও তাঁদের দায়িত্বের মধ্যে পড়বে। তবে এসব করতে গিয়ে সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সেদিকে লক্ষ্য রাখতে বলেন সভায় উপস্থিত বক্তারা।

খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন খুলনা-২ আসনের সাংসদ মিজানুর রহমান মিজান, খুলনা-১ আসনের সাংসদ বাবু পঞ্চানন বিশ্বাস, পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি, খুলনা জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশিদ, জেলা প্রশাসক নাজমুল আহসান, কোস্টগার্ডের আঞ্চলিক কমান্ডার মেহেদী মাসুদ, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার উদ্দেশ্যে টার্গেট কিলিং-এর মতো জঘন্য অপরাধ করা হচ্ছে। হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন দেশের সাধারণ নিরীহ সংখ্যালঘু মানুষ। এমনকি নারীকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট করতে স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক পরাজিত শক্তি এই ঘৃণ্য ষড়যন্ত্র শুরু করেছে। তাই এদের কঠোর হাতে দমন করতে হবে।