'প্রতিরোধ না এলে বিপর্যস্ত হবে সভ্যতা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশোয়ারে স্কুল শিক্ষার্থীদের ওপর তালেবানি হামলার ঘটনায় ধিক্কার জানিয়েছে ‘বাংলাদেশ রুখে দাঁড়াও’। গতকাল বৃহস্পতিবার সংগঠনের আহ্বায়কদের পক্ষ থেকে ১২ বিশিষ্টজনের পাঠানো এক বিবৃতিতে এই ধিক্কার জানানো হয়।
বিবৃতিতে অন্তত ১২০ জন শিশু-কিশোরসহ ১৪২ জনের হত্যাকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করে বলা হয়, এই হত্যাকাণ্ড কেবল পাকিস্তানের নয়, সারা বিশ্বের মানবিক বিপর্যয়। উগ্র ধর্মান্ধরা প্রতিশোধস্পৃহা চারিতার্থ ও তাদের মধ্যযুগীয় মতবাদ প্রতিষ্ঠার জন্য নিষ্পাপ শিশুদের নির্বিচারে হত্যা করতেও পিছপা হয় না।
বিবৃতিতে বলা হয়, ধর্মীয় উগ্রবাদী শক্তির বিরুদ্ধে দল-মত-রাষ্ট্রনির্বিশেষে সবাইকে সচেতন প্রতিরোধ গড়ে তুলতে হবে। নতুবা মনুষ্যত্ব ও মানবসভ্যতা বিপর্যস্ত হয়ে পড়বে।
বিবৃতিদাতারা হলেন: অধ্যাপক আনিসুজ্জামান, সৈয়দ শামসুল হক, অজয় রায়, কামাল লোহানী, সুলতানা কামাল, সারওয়ার আলী, রাশেদা কে চৌধূরী, আবেদ খান, জিয়াউদ্দিন তারেক আলী, রামেন্দু মজুমদার, রানা দাশগুপ্ত ও এম এম আকাশ। বিজ্ঞপ্তি।