'প্রতিরোধ' বনাম 'প্রতিহত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৯ ডিসেম্বর রোববার ঢাকা অভিমুখে ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচিতে যোগ দিতে দেশের বিভিন্ন জেলা থেকে বিএনপিসহ ১৮-দলীয় জোটের নেতা-কর্মীরা রাজধানীতে আসতে শুরু করেছেন। জোটের নেতারা বলছেন, কর্মসূচিতে বাধা দেওয়া হলে তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তুলবেন তাঁরা।
এদিকে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ডাকা ঢাকা অভিমুখে যাত্রা প্রতিরোধের ডাক দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এক বিবৃতিতে সর্বাত্মকভাবে প্রতিরোধ করার জন্য মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তির প্রতি আহ্বান জানান। এ ছাড়া ঢাকা মহানগর আওয়ামী লীগ বিরোধী দলের এই কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দিয়েছে। এ লক্ষ্যে আজ শুক্রবার থেকে মাঠে নামবে বলে গতকাল দলের বর্ধিত সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ছাড়া ২৮ ডিসেম্বর ভোর ছয়টা থেকে ২৯ ডিসেম্বর সন্ধ্যা ছয়টা পর্যন্ত সারা দেশে ৩৬ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে চট্টগ্রাম বিভাগীয় মোটরচালক লীগ। ‘অরাজকতা’ সৃষ্টির কর্মসূচি রুখে দিতে সংগঠনটি গতকাল গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এই হরতালের ডাক দেয়।
গত মঙ্গলবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ঢাকা অভিমুখে অভিযাত্রার এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি ওই দিন সব সক্ষম মানুষকে বাংলাদেশের জাতীয় পতাকা হাতে রাজধানীর নয়াপল্টনে সমবেত হওয়ার আহ্বান জানান।
বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, তারা এই কর্মসূচি সফল করতে সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে। সরকার কর্মসূচিতে বা দলীয় চেয়ারপারসনকে নয়াপল্টনে আসতে বাধা দেওয়া হলে ওই দিন ঢাকাসহ সারা দেশে প্রতিরোধ গড়ে তুলতে দল ও জোটকে নির্দেশনা দেওয়া হয়েছে।
‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচির সমন্বয়ে যুক্ত বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য প্রথম আলোকে বলেন, ২৯ ডিসেম্বরের কর্মসূচি করতে দেবে না বলে তাঁরা ধরে নিয়েছেন। তেমনটা হলে ওই দিন সারা দেশে বড় ধরনের প্রতিরোধ গড়ে তোলার প্রস্তুতি রাখা হচ্ছে। নেতা-কর্মীদের ঢাকায় আসতে উদ্বুদ্ধ করার পাশাপাশি ওই দিন জেলা-উপজেলায় প্রতিরোধের জন্য পৃথকভাবে একটি অংশকে প্রস্তুত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল এক বিবৃতিতে দাবি করেন, ঢাকা অভিমুখে অভিযাত্রা কর্মসূচি ঘোষণার পর থেকে সরকারের মাথা বিগড়ে গেছে। ‘মার্চ ফর ডেমোক্রেসির’ সফলতা আঁচ করতে পেরে সরকার কর্মসূচি বাধাগ্রস্ত ও ভন্ডুল করতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছে।
প্রতিরোধের ডাক আওয়ামী লীগের: বিরোধী দলের এই কর্মসূচি প্রতিরোধ করার ডাক দিয়ে গতকাল সন্ধ্যায় গণমাধ্যমে বিবৃতি দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফ। তিনি বলেন, বিজয়ের মাসে পাকিস্তানিদের দোসর, নরঘাতক, রাজাকার, আলবদর, আলশামস এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত লাল-সবুজের পতাকাকে নতুন করে অবমাননার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এরই অংশ হিসেবে ২৯ ডিসেম্বর বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া লাঠি হাতে জাতীয় পতাকা নিয়ে ঢাকা অভিমুখে যাত্রার আহ্বান জানিয়েছেন।
সৈয়দ আশরাফ বলেন, ‘যুদ্ধাপরাধী কসাই কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের পরে পাকিস্তানের আইনসভায় আনা নিন্দা প্রস্তাবের বিরুদ্ধে যারা নীরব, তাদের হাতে আমাদের গৌরবের প্রতীক লাল-সবুজের পতাকা শোভা পায় না। তারা লাঠি হাতে পতাকা মিছিলের কথা বলে পতাকার অবমাননা করতে চায়।’ তিনি বলেন, ‘এই যাদের মানসিকতা, স্বাধীনতাবিরোধী সেই অশুভ শক্তির আহ্বানে সাড়া না দিয়ে তাদের সর্বাত্মক প্রতিরোধ করার জন্য মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তির প্রতি আহ্বান জানাচ্ছি।’
এ ছাড়া গতকাল এক জরুরি বর্ধিত সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতারা খালেদা জিয়ার ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচি যেকোনো মূল্যে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন।
সভায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘মসজিদে ও মন্দিরে অপরিচিত কাউকে দেখলে পুলিশের হাতে তুলে দেবেন। আইন নিজের হাতে তুলে নেবেন না। ওই দিন ঢাকা শহর থাকবে আওয়ামী লীগের দখলে। ওরা যে লাঠি নিয়ে আসবে আমাদের সেই লাঠি কেড়ে নিয়ে প্রতিহত করতে হবে।’ তিনি বলেন, আজ শুক্রবার থেকে ঢাকা মহানগর থাকবে আওয়ামী লীগের দখলে। আজ বিকেলে মোহাম্মদপুর, আদাবর ও মিরপুরে এবং কাল শনিবার বেলা তিনটায় ঢাকা মহানগরের অন্তর্গত ১০০টি ওয়ার্ড ও ১৮টি ইউনিয়নে পতাকা হাতে মিছিল করবে আওয়ামী লীগ।
বিরোধী নেতা-কর্মীদের ঢাকায় আসা শুরু: ঢাকায় যাঁদের থাকার জায়গা আছে, বিরোধী দলের এমন অনেক নেতা-কর্মীরা কর্মসূচিতে যোগ দিতে আগেভাগে আসতে শুরু করেছেন।
বিভিন্ন জেলা থেকে প্রথম আলোর প্রতিনিধিরা জানান, চট্টগ্রাম, কুষ্টিয়া, বগুড়া, গাজীপুর ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যে বিরোধী দলের নেতা-কর্মীরা ঢাকায় এসে গেছেন।
জানতে চাইলে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান প্রথম আলোকে বলেন, বুধবার থেকেই চট্টগ্রামের নেতা-কর্মীরা ঢাকায় আসতে শুরু করেছেন।
চট্টগ্রামের বিএনপির অপর একটি সূত্র জানায়, সেখান থেকে পাঁচ হাজারের মতো নেতা-কর্মী ঢাকার কর্মসূচিতে অংশ নিতে পারেন। তাঁদের নিজ উদ্যোগে ঢাকায় অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রতিটি ওয়ার্ডের সচ্ছল নেতা-কর্মীরা নিজেদের খরচ বহন করবেন।
বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন দাবি করেন, দুই দিন আগেই বগুড়া থেকে ৫০ হাজার নেতা-কর্মী ঢাকায় পৌঁছাবেন। তিনি বলেন, যেখানেই বাধা আসবে সেখানে অবস্থান নিতে সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।
গাজীপুরের নেতা-কর্মীরা গতকাল বৃহস্পতিবার থেকেই ঢাকা শহরে ঢুকতে শুরু করেছেন। পুলিশ নেতা-কর্মীদের ঢাকায় আসা ঠেকাতে গ্রেপ্তার অভিযান শুরু করেছে। গত বুধবার রাতে অভিযান চালিয়ে ১৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন বলেন, যেসব নেতা-কর্মীর ঢাকায় আত্মীয়স্বজন রয়েছে, তাঁরা গতকাল থেকেই ঢাকায় অবস্থান শুরু করেছেন।
বিএনপির সহদপ্তর সম্পাদক শামীমুর রহমান প্রথম আলোর কাছে দাবি করেন, তাঁর দল ঢাকায় ২০ লাখ লোকের সমাগম ঘটানোর প্রস্তুতি নিচ্ছে ।
আসছেন হেফাজত কর্মীরাও: কুষ্টিয়া থেকে বিএনপির পাশাপাশি হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা গতকাল সকাল থেকে ঢাকা আসতে শুরু করেছেন। হেফাজতের কুষ্টিয়া জেলার সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম খলিল প্রথম আলোকে বলেন, সংগঠনের উচ্চপর্যায়ের নির্দেশে নেতা-কর্মীরা বাস-ট্রেনে ঢাকা যাচ্ছেন। কুষ্টিয়া থেকে তাঁদের প্রায় তিন হাজার নেতা-কর্মী কর্মসূচিতে যোগ দেবেন। বিএনপির কর্মসূচিতে হেফাজত কেন যাচ্ছে—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জালেম সরকারের বিরুদ্ধে আলেমরা অভিযাত্রায় যাচ্ছে।’
কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সোহরাব উদ্দীন দাবি করেন, তাঁর জেলা থেকে প্রায় ১৫ হাজার নেতা-কর্মী কর্মসূচিতে যোগ দেবেন।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন চট্টগ্রাম, কুষ্টিয়া, বগুড়া, গাজীপুর ও কেরানীগঞ্জের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা]