‘প্রতিশ্রুতি যাঁরা রাখেন না তাঁদের ভোট দেব না’
‘একটা পৌরসভার অবস্থা এ রকম থাকতে পারে না। সারা শহরটার দিকে তাকিয়ে দেখেন, যেন ময়লা-আবর্জনার ভাগাড়। এ নিয়ে বিভিন্ন সময় কথা বলা হলেও কাজের কাজ কিছু হয়নি। উন্নয়ন কর্মকাণ্ড যা হয়েছে, তারও কোনো রক্ষণাবেক্ষণ নেই। জলাবদ্ধতা নিরসনের জন্য তৈরি করা নালায় ময়লা-আবর্জনা জমে থাকে দিনের পর দিন। সেদিকে পৌর কর্তৃপক্ষ কোনো নজর দেয় না। বলতে গেলে, এটা শুধু নামেই একটা পৌরসভা।’ ক্ষোভের সঙ্গে কথাগুলো বললেন সুশাসনের জন্য নাগরিক (সুজনের) পটুয়াখালীর কলাপাড়া উপজেলা কমিটির সভাপতি শামসুল আলম। শামসুল আলম আরও বলেন, ‘আসলে, নির্বাচিত হওয়ার পর জনপ্রতিনিধিরা জনসাধারণের স্বার্থরক্ষার বিষয়টি ভুলে যান। এ বিষয়ে দায়িত্বশীলতার পরিচয় দেওয়া উচিত।’ পৌর শহরের কুমারপট্টির বাসিন্দা শাহিনা নাসরিন বলেন, ‘প্রতিশ্রুতি যাঁরা রাখেন না, তাঁদের ভোট দেব না।’ পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা ১৯৯৭ সালের ২ মার্চ প্রতিষ্ঠিত হয়। তৃতীয় শ্রেণীর পৌরসভা থেকে বর্তমানে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত হলেও উন্নয়ন কর্মকাণ্ড থেকে পিছিয়ে রয়েছে এ পৌরসভা। এখনো অনেক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়িত হয়নি। পৌর নির্বাচনের তফসিল ঘোষণার পরপর মেয়র পদে প্রার্থী হতে আগ্রহী ব্যক্তিরা তৎপরতা শুরু করেছেন। দলীয় সমর্থন পেতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম রাকিবুল আহসান, পৌর আওয়ামী লীগের সভাপতি বিপুল হাওলাদার, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলীর ভাগ্নে ও পৌর আওয়ামী লীগের সহসভাপতি দিদারউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এস এম ফজলুর রহমান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ফিরোজ শিকদার মাঠে নেমেছেন।অন্যদিকে বিএনপি থেকে বর্তমান মেয়র ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন সিকদার একমাত্র প্রার্থী। তবে জাতীয় পার্টির (এরশাদ) উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নুরুল হক মুন্সিও শেষ পর্যন্ত মেয়র পদে বিএনপি-সমর্থিত প্রার্থী হতে পারেন। বিএনপির কলাপাড়া পৌর শাখার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থী কে হয়, সেটা পর্যবেক্ষণ করছি। এ ক্ষেত্রে আমরা কৌশলী হয়ে প্রার্থী চূড়ান্ত করব।’পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহীদুল আলম বলেন, ‘যে যা-ই বলুক না কেন, কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী আমরা একজন প্রার্থীই চূড়ান্ত করে নির্বাচন করব। সে ক্ষেত্রে স্থানীয়ভাবে মহাজোটভুক্ত দলগুলোর অবস্থান আমাদের পক্ষেই থাকবে।’