‘প্রতীকী আত্মাহুতি’
মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানি ইউনিপেটুইউ গ্রাহকদের টাকা ফেরতের দাবিতে সিলেটে গতকাল বৃহস্পতিবার ‘গ্রাহক ফোরাম’ রেললাইনে বসে ‘প্রতীকী আত্মাহুতি’ কর্মসূচি পালন করে।দুপুর দুইটায় গ্রাহকেরা ব্যানারসহ সিলেট রেলস্টেশনে গিয়ে রেললাইনের ওপর অবস্থান নেন। রেল ছাড়ার সময় হলেও গ্রাহকেরা রেললাইন থেকে সরে না যাওয়ায় পুলিশ লাঠিপেটা করলে ভণ্ডুল হয়ে যায় কর্মসূচি। দক্ষিণ সুরমা থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, ইউনিপেটুইউর গ্রাহকেরা রেললাইনের ওপর শুয়ে রেল চলাচলে বিঘ্ন ঘটাতে চেয়েছিলেন। তাঁদের রেললাইনের ওপর থেকে সরিয়ে দেওয়া হয়েছে।সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক সাইদুর রহমান জানান, রেল ছাড়ার সময়ের আগেই পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে নেওয়ায় সিলেট থেকে নির্ধারিত সময়েই ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ছেড়ে গেছে। এদিকে কর্মসূচি ভণ্ডুল হওয়ায় রেলস্টেশনে তাৎক্ষণিক সমাবেশে মিলিত হন গ্রাহকেরা। ইউনিপেটুইউ গ্রাহক ফোরামের কেন্দ্রীয় মহাসচিব আলতাফ মাহমুদ সমাবেশে বক্তব্য দেন। সমাবেশ থেকে পুলিশের লাঠিপেটার নিন্দা জানানো হয়।এমন কর্মসূচি পালন প্রসঙ্গে সাংবাদিকদের আলতাফ মাহমুদ বলেন, ‘ইউনিপেটুইউ কর্তৃপক্ষ গ্রাহকদের টাকা আত্মসাৎ করে দেশ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। গ্রাহকদের টাকা দক্ষিণ আফ্রিকায় বিনিয়োগ করা হচ্ছে। এ অবস্থায় তাঁদের আত্মাহুতি ছাড়া আর কোনো বিকল্প নেই।ইউনিপেটুইউর ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের আটক, পাসপোর্ট জব্দ ও ইউনিপেটুইউর হিসাবে জমাকৃত টাকা সরকারি জিম্মায় নিয়ে তা গ্রাহকদের ফেরত দেওয়ার জন্য তিনি সরকারের প্রতি দাবি জানান।