'প্রত্যাবাসনে জাতিসংঘের উপস্থিতি জরুরি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন। ছবি: সংগৃহীত
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন। ছবি: সংগৃহীত

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন মনে করেন, রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদে ও সম্মানজনকভাবে রাখাইনে ফেরা নিশ্চিত করতে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত ও ঘনিষ্ঠ তত্ত্বাবধান প্রয়োজন। এ-প্রক্রিয়ায় মিয়ানমার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধির ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সম্প্রতি নিউইয়র্কে তাঁর দপ্তরে প্রথম আলোর সঙ্গে আলাপচারিতায় এই মত দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, জাতিসংঘের মহাসচিবের বিশেষ প্রতিনিধি হিসেবে এমন এক ব্যক্তিকে নিয়োগ দেওয়া হবে, যিনি রাখাইন রাজ্যের রোহিঙ্গা সমস্যার বিষয়টি সম্পর্কে ভালোভাবে জানেন এবং এই সমস্যার সঙ্গে জড়িত সব পক্ষের কাছে আস্থাভাজন।

কে হতে পারে এই প্রতিনিধি, এ প্রশ্নের জবাবে মাসুদ বিন মোমেন বলেন, অভিজ্ঞ লোকের অভাব নেই, তবে এই অঞ্চলের বাইরে থেকে এলেই তা সবার কাছে বেশি গ্রহণযোগ্য হবে। তা না হলে পক্ষপাতিত্বের প্রশ্ন উঠতে পারে।

জাতিসংঘ মহাসচিব এখনো ওই পদের জন্য কোনো প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করেননি। স্কান্ডেনেভিয়ার কোনো একজন কূটনীতিক এই পদ পেতে পারেন বলে জানা গেছে। সিঙ্গাপুরের একজন সাবেক কূটনীতিকও বিবেচনায় রয়েছেন।

সাধারণ পরিষদের থার্ড কমিটির প্রস্তাব অনুসারে সাধারণ পরিষদ গত ২৪ ডিসেম্বর গৃহীত এক সিদ্ধান্তে এই পদ প্রতিষ্ঠার প্রতি সম্মতি জানায়। এ জন্য ২০১৮ অর্থবছরে সাড়ে আট লাখ ডলারের বাজেটও মঞ্জুর করা হয়েছে। ওই বিশেষ প্রতিনিধি নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর ছাড়াও মিয়ানমারের কাছাকাছি কোনো দেশ থেকে তাঁর কাজ পরিচালনা করবেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, ব্যাংককে ওই সমান্তরাল দপ্তর প্রতিষ্ঠিত হতে পারে। পাঁচ-সাত সদস্যের একটি সচিবালয় বিশেষ প্রতিনিধিকে এই কাজে সহায়তা করবে।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি প্রথম আলোকে বলেন, এই বিশেষ প্রতিনিধি নিরাপত্তা পরিষদের জরুরি সভা আহ্বানে সক্ষম হবেন না, তবে পরিস্থিতি সম্পর্কে তিনি মহাসচিবকে অবহিত করার পর তিনি (অর্থাৎ মহাসচিব) প্রয়োজন বোধ করলে তেমন উদ্যোগ নিতে পারেন।

মাসুদ বিন মোমেন মনে করেন, বিশেষ প্রতিনিধির কাজটি মূলত একটি রাজনৈতিক মিশন, তিনি মিয়ানমারের প্রশ্নে জাতিসংঘের প্রতিনিধি হিসেবে পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি করতে পারবেন। এই নজরদারি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সই হওয়া চুক্তির ভিত্তিতে শরণার্থী প্রত্যাবাসনের যে কাজ শুরু হতে যাচ্ছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সম্পৃক্তি ছাড়া তা মুখ থুবড়ে পড়তে পারে। আন্তর্জাতিক সম্প্রদায় যদি এই প্রশ্নে তাদের মনোযোগ সরিয়ে নেয় তাহলে মিয়ানমার তার অঙ্গীকার পালন করবে, এর কোনো নিশ্চয়তা নেই।