‘প্রত্যেককে বছরে অন্তত দুটি গাছ রোপণ করা উচিত’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন, বিচার ও সংসদবিষয়ক প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় আমাদের প্রত্যেককে বছরে অন্তত দুটি গাছ রোপণ করা উচিত। জাতীয় মৎস্য সপ্তাহ, বৃক্ষরোপণ কর্মসূচি ও গরু বিতরণ উপলক্ষে গতকাল বুধবার সকালে ঢাকার কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, দেশের বন-জঙ্গল নির্বিচারে উজাড় হচ্ছে। বিদেশে ব্যক্তিগত গাছ কাটতে হলেও কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়। কিন্তু আমাদের দেশে ব্যক্তিগত গাছই নয়, সরকারি গাছও অনেকে কেটে নিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, বর্তমানে দেশে খাদ্য ঘাটতি নেই। সরকার খাদ্যে স্থায়ী স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কাজ করছে। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহিন আহমেদ। আরও উপস্থিত ছিলেন আগানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ, রুহিতপুর ইউপির চেয়ারম্যান আবদুল আলী, কালিন্দী ইউপির চেয়ারম্যান ফজলুর রহমান, শাক্তা ইউপির চেয়ারম্যান সুলতান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসমাইল হোসেন, বন কর্মকর্তা মোশারফ হোসেন, ঢাকা জেলা ছাত্রলীগের আহ্বায়ক এম এ এইচ আবিদ প্রমুখ।