'প্রথম আলো হোক আলোর স্কুল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত শনিবার বরিশালে সুধী সমাবেশে প্রশ্নোত্তর পর্বে প্রশ্ন করেন একজন অতিথি l ছবি: প্রথম আলো
প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত শনিবার বরিশালে সুধী সমাবেশে প্রশ্নোত্তর পর্বে প্রশ্ন করেন একজন অতিথি l ছবি: প্রথম আলো

শেষ অগ্রহায়ণের সন্ধ্যায় শীত বেশ জাঁকিয়েই বসেছিল। তবে আড্ডা, গল্প, গান, পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ে চার শতাধিক মানুষের মিলনস্থলে ছড়িয়ে পড়ছিল হৃদয় উৎসারিত উষ্ণতা। বরিশাল ক্লাবের আঙিনায় প্রথম আলোর ১৭তম বছর পূর্তি উপলক্ষে গত শনিবার আয়োজন করা হয় এ সুধী সমাবেশের।
শনিবার সন্ধ্যায় এই আনন্দ আয়োজনে যোগ দেন সিটি করপোরেশনের মেয়র, সাংসদ, রাজনীতিক, সরকারি-বেসরকারি পদস্থ কর্মকর্তা, শিক্ষাবিদ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠক, চিকিৎসক, কবি, লেখক, আইনজীবী, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানস্থলে অতিথিদের স্বাগত জানান প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম। সূচনা বক্তব্য দেন প্রথম আলোর বরিশাল প্রতিনিধি সাইফুর রহমান। এরপর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, দ্বিজেন্দ্র লাল রায় এবং সলিল চৌধুরীর কিছু গান নিয়ে নির্মিত মিউজিক ভিডিও দেখানো হয়।
দেখানো হয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নির্মিত তথ্যচিত্র অদম্য মেয়েরা। এতে ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলার কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবলার মেয়েদের হার না মানা গল্প দেখানো হয়। ওই মেয়েদের ১০ জন এ বছর এএফসি কাপ অনূর্ধ্ব-১৪ ফুটবল আসরে বাংলাদেশ দলের হয়ে খেলার সুযোগ পায়। প্রথম আলোতে তাদের নিয়ে ছাপা হয় বিশেষ প্রতিবেদন। ওই তথ্যচিত্র দেখে মুগ্ধ হন উপস্থিত সবাই।
তথ্যচিত্র প্রদর্শন শেষে বরিশালের নাগরিকদের পক্ষে বক্তব্য দিতে গিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ভাস্কর সাহা বলেন, ‘প্রথম আলো আজ আর শুধু একটি পত্রিকা নয়। এটি একটি সামাজিক আন্দোলনের নাম।’
তিনি বলেন, ‘প্রতিদিন বাংলাদেশকে নতুন দিনের সম্ভাবনার দিকে নিয়ে যায় পত্রিকাটি। প্রথম আলো স্বচ্ছতা, পরিচ্ছন্নতা, সততা ও নিরপেক্ষতা নিয়ে বেঁচে থাকুক নিরন্তর। প্রথম আলো হোক আলোর স্কুল।’
প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, বাংলাদেশ কখনো পরাজিত হয়নি। ভবিষ্যতেও হবে না। অনেক রক্ত দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি। আমরা চাই স্বাধীনতার চেতনায় তরুণ প্রজন্ম বাংলাদেশ গড়তে এগিয়ে আসবে।’
অনুষ্ঠানের একপর্যায়ে বরিশালের পাঠকদের মুখোমুখি হয়ে তাঁদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আব্দুল কাইয়ুম, ব্যবস্থাপক, রিসার্চ ও বিজনেস ডেভেলপমেন্ট মোমেনূর রশীদ সিদ্দিকী এবং বরিশাল প্রতিনিধি সাইফুর রহমান।
অনুষ্ঠানের শেষ দিকে পাঠক-শুভানুধ্যায়ীদের গান গেয়ে মাতিয়ে রাখেন শিল্পী রূপম। পরে আমন্ত্রিত অতিথিরা নৈশভোজে অংশ নেয়।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিতি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব কামাল, বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির সভাপতি এবায়দুল হক চান, উত্তর সভাপতি মেজবাহউদ্দিন ফরহাদ, বাংলাদেশ মহিলা পরিষদের সহসভাপতি নূরজাহান বেগম, সাধারণ সম্পাদক পুষ্প চক্রবর্তী, ব্রজমোহন কলেজের অধ্যক্ষ স ম ইমানুল হাকিম, জেলা সচেতন নাগরিক কমিটির সভাপতি এম মোয়াজ্জেম হোসেন, সুশাসনের জন্য নাগরিক—সুজন-এর সভাপতি আক্কাস হোসেন, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীর প্রতীক, নারী নেত্রী নূরজাহান বেগম, শাহ শাজেদা, আইনজীবী এস এম ইকবাল, নাট্যব্যক্তিত্ব সৈয়দ দুলাল, কাজল ঘোষ, আজমল হোসেন, মুরাদ আহম্মেদ প্রমুখ।