'প্রথম আলোর অনলাইন প্রতিবন্ধীবান্ধব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংবাদভিত্তিক ওয়েবসাইটগুলো এখনো প্রতিবন্ধীবান্ধব নয়। তবে কিছু প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও প্রথম আলো অনলাইন ব্যতিক্রম। দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের তথ্যে অভিগম্যতা বা সুযোগের ক্ষেত্রে এই অনলাইনটি মডেল হতে পারে। প্রথম আলোর সাইটটি তারা স্ক্রিন রিডিং সফটওয়্যার দিয়ে পড়তে পারে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশনের (এটুআই) জাতীয় পরামর্শক (অভিগম্যতা) ভাস্কর ভট্টাচার্য এ কথাগুলো বলেন। গতকাল সোমবার রাজধানীর কারওয়ান বাজারে নিজ কার্যালয়ে ‘দৃষ্টিপ্রতিবন্ধীদের তথ্যে অভিগম্যতা’ শিরোনামের এই কর্মশালার আয়োজন করে জাতীয় মানবাধিকার কমিশন।

ভাস্কর ভট্টাচার্য দৃষ্টিপ্রতিবন্ধী হয়েও তথ্যপ্রযুক্তি খাতে অবদান রেখে চলছেন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপনের সময় তিনি বলেন, প্রযুক্তি এখন আর মানুষের কাছ থেকে দূরে রাখা যাবে না। প্রযুক্তির ব্যবহার করে প্রতিবন্ধীদের সম্পদে পরিণত করা সম্ভব। দেশের পত্রিকাগুলোর অনলাইন সংস্করণসহ ওয়েবসাইটগুলো প্রতিবন্ধীবান্ধব করতে হবে। এ জন্য দরকার এসব প্রতিষ্ঠানের দৃঢ় প্রতিশ্রুতি।

ভাস্কর ভট্টাচার্য হাতে-কলমে বাংলাদেশ সরকারের অনলাইন এবং প্রথম আলো অনলাইন ব্যবহার করে দেখান। এ সময় তিনি বলেন, স্ক্রিন রিডিং সফটওয়্যারসহ নানা অ্যাপস বা প্রযুক্তির ব্যবহার করে আমরা কাজ করতে পারি। তবে এ জন্য ওয়েবসাইটে শুধু ছবি থাকলে হবে না, টেক্সট থাকতে হবে।

অনুষ্ঠানে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেন, প্রতিবন্ধী মানুষ সমাজের বোঝা নন। তাঁদের সম্পদে পরিণত করার জন্য প্রযুক্তি বড় সহায়ক। এ জন্য তথ্যে তাঁদের অভিগম্যতা নিশ্চিত করতে হবে।