'প্রথম আলো সত্য-সুন্দরের পক্ষে থাকে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের বিভিন্ন জেলায় প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। গতকাল ৪ নভেম্বর ছিল প্রথম আলোর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। তবে আজ শনিবারও নাচ, গান, আবৃত্তি, নাটক ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। আলোচনা সভায় বক্তাদের কণ্ঠে উঠে আসে প্রথম আলোর ১৮ বছরের জয়গান আর ভবিষ্যৎ প্রত্যাশার কথা। তাঁরা বলেন, প্রথম আলো সত্য-সুন্দরের পক্ষে থাকে। ভবিষ্যতেও যেন সমাজের নানা অসংগতি ও বৈষম্য আরও বেশি করে তুলে ধরে।

ঢাকার বাইরের আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর :

প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অতিথিদের নিয়ে কেক কাটা হয়। ছবি: সাদ্দাম হোসেন
প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অতিথিদের নিয়ে কেক কাটা হয়। ছবি: সাদ্দাম হোসেন

খুলনা : প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার বিকেলে খুলনা প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আলোচনা সভা হয়। সভা শেষে ছিল সংগীত ও কবিতা আবৃত্তির আয়োজন। এ ছাড়া ছিল অতিথি ও পাঠকদের আড্ডা, কেক কাটা ও মিষ্টিমুখের আয়োজন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ জাফর ইমাম বলেন, ‘আঠারো বছর ধরে প্রথম আলো সমাজের নানা অসংগতির কথা তুলে ধরছে। আর প্রথম আলো এই অনুপ্রেরণা পায় পাঠকের কাছ থেকে। আমরা চাই সুন্দর একটা দেশ। যে দেশে শাসক ও শাসিতের সম্পর্ক প্রভু-ভৃত্যের নয় বরং হবে সহযোগিতার। আর শাসক ও শাসিত শ্রেণির মধ্যকার বৈষম্যের কথা প্রথম আলো আরও বেশি করে তুলে ধরবে।’

খুলনা বন্ধুসভার সহযোগিতায় দুই দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কর্মসূচির প্রথম দিন বটিয়াঘাটার বাসবাড়িয়া এলাকায় ‘আলোর তৃষ্ণা’ নামে বাচ্চাদের একটি স্কুলের ৫০ জন খুদে শিক্ষার্থীকে ব্রাশ, টুথপেস্ট, নখ কাটার যন্ত্র, চকলেট ও ফুটবল বিতরণ করা হয়।

প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের করে ময়মনসিংহ বন্ধুসভা। পরে মুসলিম ইনস্টিটিউট প্রাঙ্গণে কেক কাটা হয়। ছবি: জগলুল পাশা
প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের করে ময়মনসিংহ বন্ধুসভা। পরে মুসলিম ইনস্টিটিউট প্রাঙ্গণে কেক কাটা হয়। ছবি: জগলুল পাশা

ময়মনসিংহ : নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ময়মনসিংহে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। শহরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তন থেকে বিকেলে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ময়মনসিংহ বন্ধুসভার বন্ধুদের পরিবেশনায় নাচ, গান ও কবিতা আবৃত্তি করা হয়। এ ছাড়া অনুষ্ঠানে জাদু পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন জাদুকর হাবিব। শেষে কেক কাটা ও আগত অতিথিদের মিষ্টিমুখ করানো হয়।

কুষ্টিয়া : শনিবার বিকেল চারটায় প্রথম আলোর কুষ্টিয়া কার্যালয়ে কবিতা আবৃত্তির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়। বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। আলোচনা সভায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ সেলিম তোহা বলেন, ‘প্রথম আলো সত্য-সুন্দরের পক্ষে থাকে। তোমরা তরুণ, তোমরাও পারো সত্য ও সুন্দরের পক্ষে থেকে যেকোনো জটিলতা ও বাধা দূর করে দিতে।’ দেশ ও সমাজের উন্নয়নে স্বাধীনতার পক্ষে কাজ করার জন্য তরুণ-তরুণীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
পরে বন্ধুসভার সদস্যদের নিয়ে আমন্ত্রিত অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

প্রতিষ্ঠাবার্ষিকীতে বন্ধুসভার একটি ভালো কাজের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের হরিজন পল্লির শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। ছবি: আনোয়ার হোসেন
প্রতিষ্ঠাবার্ষিকীতে বন্ধুসভার একটি ভালো কাজের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের হরিজন পল্লির শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। ছবি: আনোয়ার হোসেন

চাঁপাইনবাবগঞ্জ : প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে কবিতা আবৃত্তি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিকেল চারটায় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শহীদ মিনারে এসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়। বন্ধুসভার সভাপতি খাইরুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুস সামাদ বলেন, কোনো বাধাই তারুণ্যকে আটকাতে পারবে না। প্রথম আলো তারুণ্যনির্ভর একটি পত্রিকা। অনেক ঝড়-ঝঞ্ঝার মধ্যে পড়েও প্রথম আলোর সাংবাদিকেরা সত্য প্রকাশ করে চলেছেন।
এর আগে বন্ধুসভার একটি ভালো কাজের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে হরিজন পল্লির শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ, খাতা ও কলম শুভেচ্ছা উপহার হিসেবে দেওয়া হয়।

নীলফামারী : নীলফামারীতে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের শিল্পকলা একাডেমি চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারি শিশু পরিবার মাঠে গিয়ে শেষ হয়। সেখানে নীলফামারী বন্ধুসভার সভাপতি বিকাশ চন্দ্র রায়ের সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়। পরে বন্ধুসভার সদস্যরা ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কুড়িগ্রাম : কুড়িগ্রামে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে রিভার ভিউ হাইস্কুলের শহীদ মিনার চত্বরে আলোচনা সভা, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বন্ধুসভার সদস্যদের তৈরি বাল্যবিবাহ নিয়ে একটি শর্ট ফিল্ম প্রদর্শিত হয়। এর আগে শহরে আনন্দ মিছিল শেষে প্রথম আলো কুড়িগ্রাম অফিসে কেক কাটা হয়। এ সময় সমাজের বিভিন্ন স্তরের মানুষ প্রথম আলোকে শুভেচ্ছা জানান।

লালমনিরহাট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। ছবি: আবদুর রব
লালমনিরহাট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। ছবি: আবদুর রব

লালমনিরহাট : প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমনিরহাট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে সকালে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রায় শত বছরের পুরোনো সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যবাহী নিদর্শন পুরান বাজারে পাশাপাশি অবস্থিত মসজিদ-মন্দির হয়ে একই স্থানে এসে শেষ হয়। 
পরে বন্ধুসভার সদস্যরা লালমনিরহাট সদর উপজেলার ইটাপোতা আদর্শ উচ্চবিদ্যালয়ের অদম্য মেধাবী ও দরিদ্র এক শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বগুড়া : ‘১৮ বছর তারুণ্যের সময়। তারুণ্যের এই সময়টাকে দেশের কাজে লাগাতে হবে। জঙ্গিবাদ, মাদক ও তথ্যপ্রযুক্তির অপব্যবহারের ছোবল থেকে নিজেকে সতর্ক রাখতে হবে। তারুণ্যের শক্তি দিয়ে সব অশুভ ও অমঙ্গলকে রুখতে হবে।’ প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া বন্ধুসভা আয়োজিত সমাবেশে তরুণদের প্রতি এ আহ্বান জানান অতিথিরা।

শনিবার সকাল সাড়ে ১০টায় প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা শেষে বগুড়ার এডওয়ার্ড পার্ক–সংলগ্ন সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে এই তরুণ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ক্ষেত্রে কাজ করে যাওয়া একঝাঁক তরুণ শোনান দেশকে এগিয়ে নেওয়ার জন্য তাঁদের স্বপ্নের কথা। তাঁরা বলেন, প্রথম আলো তারুণ্যের আলো ছড়ায়, তরুণদের আলোর পথ দেখায়। স্বপ্ন দেখতে এবং স্বপ্ন দেখাতে উৎসাহিত করে। দীর্ঘ পথচলায় প্রথম আলো দেশকে এগিয়ে নেওয়ার কথা বলেছে। দেশকে এগিয়ে নিতে প্রথম আলোর সঙ্গে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।