
ঢাকার বাইরের সংস্কৃতির খবর কম থাকে কেন? কুমিল্লার শিক্ষাবিষয়ক সংবাদ কম থাকে কেন? আঞ্চলিক ইস্যু নিয়ে প্রথম আলোর খবর বাড়ানো যায় কি না? কুমিল্লার লালমাই ও ময়নামতি পাহাড়ের প্রত্নসম্পদ নিয়ে প্রতিবেদন হচ্ছে না কেন?
এমন নানা প্রশ্ন আর সুধীজনদের কথায় জমজমাট হয়ে ওঠে কুমিল্লার সুধী সমাবেশ। আজ মঙ্গলবার অগ্রহায়ণের পড়ন্ত বিকেলে প্রথম আলোর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা টাউন হলে আয়োজন করা হয়েছিল এই সমাবেশের।
প্রাণবন্ত ওই অনুষ্ঠানে কুমিল্লার মানুষ প্রথম আলোকে আরও সাহসী প্রতিবেদন করার পরামর্শ দেন। একই সঙ্গে অন্যায় ও অনাচারের বিরুদ্ধে প্রথম আলোর অগ্রযাত্রা অব্যাহত রাখায় ধন্যবাদ জ্ঞাপন করেন। তাঁরা কুমিল্লার আরও বেশি সংবাদ পরিবেশনের ওপর তাগিদ দেওয়ার অনুরোধ করেন।
ওই মিলনমেলায় মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, শিক্ষক, চিকিত্সক, আইনজীবী, গণমাধ্যমকর্মী, সংস্কৃতিকর্মী, এনজিও ব্যক্তিত্ব, প্রশাসনের কর্মকর্তা, বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীসহ নগরের বিভিন্ন ক্ষেত্রের অন্তত ৪০০ জন মানুষ উপস্থিত ছিলেন।

সুধী সমাবেশের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর কুমিল্লা কার্যালয়ের নিজস্ব প্রতিবেদক গাজীউল হক। এরপর প্রথম আলোর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নির্মিত তথ্যচিত্র ‘সাত সাহসী’ দেখানো হয়।
সমাবেশে প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, ‘প্রথম আলো সংবাদ পরিবেশনের পাশাপাশি সামাজিক কার্যক্রমে ভূমিকা রাখছে। আগামী দিনে প্রথম আলো নতুন আঙ্গিকে রঙিন পাতা নিয়ে আঞ্চলিক খবর প্রকাশ করবে। এ অগ্রযাত্রায় কুমিল্লাবাসীকে পাশে চায় প্রথম আলো।’
অনুষ্ঠানে কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মিলন বলেন, কুমিল্লার ইতিহাস ও সংস্কৃতি প্রথম আলোতে আরও বেশি করে তুলে ধরতে হবে।’
কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল (অব.) আবু তাহের বলেন, ‘প্রথম আলোকে মিস করা যায় না। এটি আমাদের পারিবারিক পত্রিকা।’
আজকের অনুষ্ঠানে ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হক সাক্কু। তিনি বলেন, ‘কুমিল্লা বিভাগ বাস্তবায়নে প্রথম আলোকে ভূমিকা রাখতে হবে।’
নারীনেত্রী পাপড়ি বসু বলেন, ‘প্রথম আলো মানে বাংলাদেশ।’
বক্তব্য দেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও বিশিষ্ট শিক্ষাবিদ আমীর আলী চৌধুরী, কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ মোসলেহ উদ্দিন আহমেদ, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নুরুর রহমান ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. আবু তাহের।
অনুষ্ঠানে পাঠকের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম ও সম্পাদক (বৈদেশিক সংস্করণ) সেলিম খান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবু তাহের, সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুমিল্লা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মমিনুল হক চৌধুরী, মুক্তিযোদ্ধা ও ইতিহাসবিদ গোলাম ফারুক, কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ, সচেতন নাগরিক কমিটি (সনাক) কুমিল্লা জেলা শাখার সভাপতি বদরুল হুদা জেনু, আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম রতন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা শহর বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোহিনুর আক্তার, কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ সৈয়দা বিলকিস আরা বেগম, কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন ভূঁইয়া, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক সেলিম রেজা সৌরভ, কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক রাশেদা আক্তার, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা ফেরদৌস মজুমদার, এনজিও ব্যক্তিত্ব লোকমান হাকিম, লেখক আলী হোসেন চৌধুরী, কুমিল্লা জেলা পরিষদের সদস্য তানজিনা আক্তার, গণজাগরণ মঞ্চ কুমিল্লার সংগঠক খায়রুল আনাম রায়হান ও প্রথম আলো কুমিল্লা বন্ধুসভার সভাপতি রোকেয়া বেগম শেফালী। পরে সংগীতের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠান শেষ হয়। পুরো অনুষ্ঠানে সহযোগিতা করেন প্রথম আলো কুমিল্লা বন্ধুসভা ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধুসভা এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।