'প্রথম আলো'য় বিনা মূল্যে স্বাস্থ্যসেবা দিল হেফা
প্রথম আলোর কর্মীদের তিন দিনব্যাপী বিনা মূল্যে নানা ধরনের স্বাস্থ্যসেবা দিয়েছে হেলথ অ্যান্ড এডুকেশন ফর অল (হেফা) নামের একটি সংগঠন। গত ৩ দিনে ৩০০ জন কর্মীকে স্বাস্থ্যসেবা দিয়েছেন সংগঠনের কর্মীরা। সেবার অংশ হিসেবে তাঁরা প্রাথমিক নানা রোগের পরীক্ষা ও পরামর্শ-সেবা দিয়েছেন। ২০১৩ সাল থেকে প্রতিষ্ঠানটি বিনা মূল্যে নানা ধরনের স্বাস্থ্যসেবা দিয়ে আসছে।
প্রতিষ্ঠানটির কর্মসূচি সমন্বয়ক সায়েম খান বলেন, সম্প্রতি তাঁরা আট হাজার পোশাকশ্রমিককে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ দিয়েছেন। এ ছাড়া গুলশান সোসাইটির অধীন ৯০০ রিকশাচালককে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ দিয়েছেন।
প্রথম আলো হচ্ছে তৃতীয় করপোরেট প্রতিষ্ঠান যেখানে তাঁরা বিনা মূল্যে স্বাস্থ্যসেবা দিচ্ছেন। সায়েম খান আরও বলেন, পরবর্তী সময় তাঁরা বয়স্ক মানুষকে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য বাড়ি বাড়ি যাবেন।