'প্রথম একাত্তর জন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন ভবনের নির্মাণকাজ শেষ করতে বিভিন্ন প্রতিষ্ঠান ও পেশার ৭১ জন ব্যক্তি মুক্তিযুদ্ধ জাদুঘর কর্তৃপক্ষকে অনুদান দিয়েছেন। গতকাল শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণাধীন ভবনের নিচতলায় অনুদান গ্রহণ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গত ৪ সেপ্টেম্বর থেকে মুক্তিযুদ্ধ জাদুঘরের নতুন ভবনের জন্য অনুদানের প্রচারাভিযান শুরু হয়। গতকাল যাঁরা আনুষ্ঠানিকভাবে অনুদান দিলেন, তাঁদের বলা হলো ‘প্রথম একাত্তর জন’। তাঁদের মধ্যে মিলিয়া এস আলী দিয়েছেন তিন লাখ টাকা। এক লাখ টাকা করে দিয়েছেন ডা. মাখদুমা নার্গিস, ডা. কে এম মাকসুদুর রহমান, ডা. আবুল কাসেম, ডা. হাসান জামিল, আইনজীবী সৈয়দ রেজাউর রহমান, মমতাজ বেগম, রথীন চক্রবর্তী, লক্ষ্মী চক্রবর্তী।
১০ হাজার টাকা করে অনুদান দিয়েছেন ৬০ জন ব্যক্তি বা তাঁদের পক্ষে কোনো নিকটাত্মীয়। তাঁদের মধ্যে আছেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী, সাংসদ মোতাহার হোসেন, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল, সুপ্রিয় চক্রবর্তী, সাইদা কামাল, প্রয়াত সাংবাদিক এবিএম মূসা ও তাঁর স্ত্রী সেতারা মূসা, পারভীন সুলতানা। এ ছাড়া মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও তরুণদের সংগঠন আগামীর বাংলাদেশও ১০ হাজার টাকার অনুদান দিয়েছে।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেন, মুক্তিযুদ্ধ জাদুঘরের নতুন ভবনের প্রকল্প ব্যয় ধরা হয়েছে ১০২ কোটি টাকা। ইতিমধ্যে যে ৫৪ কোটি ৫৪ লাখ টাকা উঠেছে, তাতে সরকারের অনুদান ৫০ কোটি টাকা। তিনি বলেন, এটি বেসরকারি জাদুঘর হলেও এর মালিক দেশের মানুষ।
অনুষ্ঠানে জানানো হয়, পর্যায়ক্রমে আরও কয়েকটি অনুষ্ঠান করে বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যাংক ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কাছ থেকে অনুদান নেওয়া হবে।
অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সদস্যসচিব জিয়াউদ্দিন তারিক আলী, সারওয়ার আলী।