'প্রথম কাজ ঢাকাকে বাসযোগ্য করা'
ঢাকাকে বাসযোগ্য করার ঘোষণা দিয়ে ভোট চাইলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সিদ্ধেশ্বরীর ভিকারুননিসা নূন স্কুলের প্রধান ফটকের সামনে গণসংযোগ ও পথসভায় তিনি এ ঘোষণা দেন
সাঈদ খোকন বলেন, ‘আমি মেয়র নির্বাচিত হলে প্রথম কাজ হবে ঢাকাকে বাসযোগ্য করা। তাই বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করে এই এলাকাকে আধুনিক নগরে পরিণত করব।’
সাঈদ খোকন বলেন, টানা তিন মাস দেশব্যাপী সহিংসতা চালিয়েছে বিএনপি-জামায়াত। কিন্তু দেশের জনগণ তা চায় না, চায় শান্তি। তাই সিটি করপোরেশন নির্বাচনে ব্যালট পেপারের মাধ্যমে এ সহিংসতার জবাব দেবে জনগণ৷
সাঈদ খোকন বলেন, ‘আমার পিতা প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফ ঢাকাবাসীর জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। আমার জীবনও এই নগরবাসীর জন্য উৎসর্গ করতে চাই। কাজ করতে চাই সমাজের জন্য।’
নিজের জয়ের বিষয়ে সাঈদ সাংবাদিকদের বলেন, ‘জনগণ সঠিক সিদ্ধান্ত নিলে আমিই জয়লাভ করব। আমি এটাই আশা করি।’
পরে সিদ্ধেশ্বরী লেন, শ্রীশ্রী সিদ্ধেশ্বরী কালীমন্দির, সিদ্ধেশ্বরী বয়েজ স্কুল, সিদ্ধেশ্বরী গার্লস স্কুল এলাকায় গণসংযোগ করেন খোকন। এ সময় এসব এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে থাকা অভিভাবকদের কাছে ভোট চান তিনি। পথসভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ও আওয়ামী লীগের নেতা আবদুর রাজ্জাক, দলের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের দল-সমর্থিত কাউন্সিলর প্রার্থী মুন্সী কামরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।