'প্রথম কাজ হবে নারীর প্রতি ভালো আচরণ'
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘দেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ বন্ধে যুবসমাজকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা ভবিষ্যতে বাংলাদেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ সম্পূর্ণরূপে বন্ধ করব। তাই আঠারোর আগে বিয়ে নয়, বিশের আগে সন্তান নয়। এটা যদি করতে পারি, তবে বিশ্বে একটি ইতিহাস গড়তে পারব।’
পাশাপাশি মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, ‘আমাদের মা-বোনদের ওপর নির্যাতন ও বাল্যবিবাহ বন্ধ করতে ঐক্যবদ্ধ হতে হবে। নারী-পুরুষের সম্পর্ক বাঘ-হরিণের সম্পর্ক হলে চলবে না। আমাদের প্রত্যেককে সভ্য হতে হবে। এ জন্য প্রথম কাজ হবে নারীর প্রতি ভালো আচরণ করা।’
আজ রোববার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের পুবাইল আদর্শ কলেজমাঠে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ছাত্র-যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে সরকারের এই দুই মন্ত্রী এসব কথা বলেন। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সারা দেশে নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ১৬ দিনব্যাপী ছাত্র ও যুব সমাবেশ করা হচ্ছে।
বাণিজ্যমন্ত্রী যুব-যুবাদের উদ্দেশে আরও বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী সততা ও যোগ্যতায় বিশ্বের রাষ্ট্রনায়কদের মধ্যে তৃতীয় হয়েছেন। আর সে আমলে আমরা কেন নারী নির্যাতন ও বাল্যবিবাহ বন্ধ করতে পারব না? এ জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।’
মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্য বক্তব্য দেন সাংসদ জাহিদ আহসান রাসেল, মহিলা ও শিশু মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম (এনডিসি), গাজীপুরের জেলা প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর, মহিলা ও শিশু মন্ত্রণালয়ের নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রামের প্রকল্প পরিচালক আবুল হোসেন, পুবাইল আদর্শ কলেজের অধ্যক্ষ মো. কাইয়ুম খান, ব্র্যাকের ভাইস চেয়ারম্যান আহমদ মোস্তাক রাজা চৌধুরী, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল শেখ প্রমুখ।
তিনি উপস্থিত অতিথিদের ১৮ বছরের নিচে মেয়ে এবং ২১ বছরের নিচে কোনো পুরুষকে বিয়ে না করতে হাত তুলে প্রতিজ্ঞা করান।
অনুষ্ঠানে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগমের লেখা বাল্যবিবাহ নিয়ে একটি জারিগান পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে বাল্যবিবাহ বন্ধে অবদান রাখার জন্য ব্র্যাকের পক্ষ থেকে কালীগঞ্জ, কাপাসিয়া, শ্রীপুর ও গাজীপুর সদর উপজেলার চারজনকে ক্রেস্ট দেওয়া হয়।