উপজেলা গঠনের পর এবারই প্রথম খাগড়াছড়ির গুইমারায় নির্বাচন হচ্ছে। ৬ মার্চ এই উপজেলা পরিষদের নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে তাই উৎসবের আমেজ। পাহাড়ে সম্প্রীতির এলাকা হিসেবেও গুইমারা পরিচিত। এর আগে বিভিন্ন নির্বাচনে এই উপজেলার পরিবেশ ছিল শান্তিপূর্ণ। নতুন উপজেলা পরিষদের প্রথম নির্বাচনেও ভোটারদের চাওয়া সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন।
গত ২৮ ফেব্রুয়ারি বিকেলে গুইমারা উপজেলা সদর থেকে পাঁচ কিলোমিটার দূরে হাফছড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বটতলী এলাকায় গিয়ে দেখা যায়, চায়ের দোকানে বসে কয়েকজন পাহাড়ি, বাঙালি এক সঙ্গে লুডু খেলছেন। সেখানে কথা হয় আপাইং মারমা (৩৬), চিনাউ মারমা (৩৫), মো. সেলিম (৫৫), মো. দিদারুল আলম (৩২), হাচিং মারমা (৪৯), প্রণয় মারমা (৪৮), সোহাগ মিয়া (৩৩) ও অংসা মারমার (৪০) সঙ্গে। তাঁরা বলেন, নতুন উপজেলা হওয়ায় এলাকায় উন্নয়ন হবে বলে আশা করছেন তাঁরা। পাহাড়ি, বাঙালি সবাই মিলেমিশে শান্তি ও সম্প্রীতির মধ্যে এখানে বসবাস করে। যে যোগ্য প্রার্থী তাঁকেই ভোট দেবেন তাঁরা। উপজেলা পরিষদের প্রথম নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে এমন আশা তাঁদের।
বটতলী থেকে ছয় কিলোমিটার দূরের জালিয়াপাড়া এলাকায় গিয়ে কথা হয়, সিন্ধুকছড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আব্দুল মোনাফ (৭০), জামির হোসেন (৩২) ও মো. কামরুল হোসেনের (৩৬) সঙ্গে। তাঁরা বলেন, কোনোভাবেই বহিরাগত লোক এসে যাতে ভোটারদের ওপর প্রভাব বিস্তার করতে না পারে, সে বিষয়ে প্রশাসনের নজরদারি বাড়াতে হবে। নতুন উপজেলার প্রথম নির্বাচন যেন কলঙ্কিত না হয়। নির্বাচনে যেই জয়লাভ করুক না কেন, তাঁদের চাওয়া সুষ্ঠু-শান্তিপূর্ণ নির্বাচন।
সিন্ধুকছড়ি ২ নম্বর ওয়ার্ডের পথাছড়া এলাকার বাসিন্দা সুমিত্রা চাকমা (৪০), তুনবী চাকমা (৩৫), মধুমিতা চাকমা (৩৮), মিতালী চাকমা (৩২) সাহানা দেবী চাকমা (৩২) বলেন, তাঁদের ওপর কোনো চাপ নেই। যাঁকে পছন্দ তাঁকেই ভোট দেবেন তাঁরা। ভোটকেন্দ্রে কোনো গন্ডগোল যাতে না হয়।
গুইমারা ইউনিয়নের বাল্যাছড়ি ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রেমবালা ত্রিপুরা (৫৫), কবিতা ত্রিপুরা (২৮), জুপেন ত্রিপুরা (৩২) বলেন, আগের নির্বাচনগুলোয় ভোটকেন্দ্রে কোনো গন্ডগোল হয়নি। শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছেন তাঁরা।
২৮ ফেব্রুয়ারি সকালে গুইমারা ইউনিয়ন পরিষদ (ইউপি) কমপ্লেক্স মিলনায়তনে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাৎ হোসেন চৌধুরী প্রার্থী ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন। সভায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী উশে্যপ্রু মারমা বলেন, আগের নির্বাচনগুলোয় ভোটের আগের দিন থেকে এলাকায় বহিরাগতদের আনাগোনা দেখা দেয়। এটি যাতে না হয়।
আওয়ামী লীগ প্রার্থী মেমং মারমা বলেন, দুর্গম এলাকাগুলোয় আঞ্চলিক দলের পক্ষ থেকে ভোটারদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে বলে তিনি শুনেছেন। এ বিষয়ে প্রশাসনের নজর দেওয়া উচিত।
বিএনপির প্রার্থী মো. ইউসুফ বলেন, নির্বাচনে প্রশাসন নিরপেক্ষ ভূমিকা রাখবে এমন আশা সাধারণ মানুষের। বহিরাগতরা যাতে এলাকায় এসে প্রভাব বিস্তার করতে না পারে।
নারী ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী ঝর্না ত্রিপুরা ও পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. নূরন্নবী, বিএনপির নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী হাউচিং মারমা, পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী পুণ্য কান্তি ত্রিপুরা, ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মিল্টন চাকমা ও থোয়াই অংগ্য চৌধুরী বলেন, নতুন উপজেলার প্রথম নির্বাচন অবশ্যই শান্তিপূর্ণ হোক, এটাই চান তাঁরা।
খাগড়াছড়ির পুলিশ সুপার মজিদ আলী বলেন, আগের নির্বাচনগুলো যেভাবে শান্তিপূর্ণভাবে হয়েছে, এবারের নির্বাচনও শান্তিপূর্ণভাবেই হবে। প্রশাসনের পছন্দ, অপছন্দ নেই, সবাই সমান। কেউ নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে।
পরে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাৎ হোসেন চৌধুরী সাংবাদিকদের বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে। এ কমিশনের অধীন প্রথম নির্বাচন ছিল বাঘাইছড়ি পৌরসভার নির্বাচন। সেখানে ৬৯ শতাংশ ভোট পড়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছিল। কোনো পক্ষপাতিত্ব করা হয়নি। গুইমারা উপজেলা নির্বাচনও সুষ্ঠু হবে।
খাগড়াছড়ির রামগড় উপজেলার হাফছড়ি, মহালছড়ির সিন্দুকছড়ি ও মাটিরাঙ্গা উপজেলার গুইমারা ইউনিয়ন নিয়ে গুইমারা উপজেলা গঠন করা হয়। ২০১৪ সালের জুন মাসে এই উপজেলা গঠন করা হয়। প্রশাসনিক কার্যক্রম শুরু হয় ২০১৫ সালের নভেম্বরে। উপজেলায় ভোটার ২৭ হাজার ৯৯২ জন।