'প্রথম বিয়েই সুখের ঠিকানা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জীবনে দ্বিতীয় বিয়ে কখনো না, প্রথম বিয়েই সুখের ঠিকানা’—এমন স্লোগান সামনে রেখে গতকাল রোববার শরীয়তপুর পুলিশ লাইনস মাঠে হয়ে গেল দিনব্যাপী দম্পতি মেলা। উইমেন অ্যান্ড চাইল্ড সেন্টার ও কমিউনিটি পুলিশিং ফোরাম আয়োজিত মেলায় অন্তত দুই হাজার দম্পতি অংশ নেন।
সকাল ১০টায় মেলার উদ্বোধন করেন শরীয়তপুর-১ আসনের সাংসদ বি এম মোজাম্মেল হক। দিনব্যাপী স্বল্পদৈর্ঘ্য চলচিত্র, প্রামাণ্য চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে দম্পতিরা মাতিয়ে রাখেন মেলাপ্রাঙ্গণ। এ ছাড়া ছিল শিশুদের জন্য নাগরদোলা, সাপের খেলা, বানরের খেলা ও জাদু প্রদর্শনী।
সন্ধ্যায় সুখী দম্পতিদের মাঝে পুরস্কার বিতরণ করেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর-৩ আসনের সাংসদ নাহিম রাজ্জাক, সাংসদ নাভানা আক্তার ও পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।
পারিবারিক জীবনে কলহ-অশান্তি দূর করে সুখী দাম্পত্য জীবনকে উৎসাহিত করার লক্ষ্যে এমন আয়োজন বলে জানালেন শরীয়তপুরের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন। তিনি প্রথম আলোকে বলেন, প্রেমর অনবদ্য পঙ্ক্তিমালায় রচিত হোক দাম্পত্য জীবনের অলিখিত সুখ—এ প্রতিপাদ্য নিয়েই দম্পতি মেলা। একজন মানুষ যদি দাম্পত্য জীবনে সুখী থাকেন, তাহলে সমাজে বিশৃঙ্খলা-নৈরাজ্য কমে আসবে। পারিবারিক অশান্তি থেকে অনেক বড় ধরনের অপরাধ সংঘটিত হয়। সবাই চেষ্টা করে যদি পারিবারিক শান্তি প্রতিষ্ঠা করা যায়, তাহলে বাংলাদেশ একটি সুখী-সমৃদ্ধশালী দেশ হিসেবে প্রতিষ্ঠা পাবে।
মেলার আগে এক হাজার শব্দের মধ্যে ‘সুখী দাম্পত্য জীবন গল্প’ শিরোনামে জীবনের গল্প লিখে জমা নেওয়া হয়েছে। ২৫ থেকে ৩৫ বছর, ৩৬ থেকে ৫০ ও ৫১ থেকে তদূর্ধ্ব বয়সের দম্পতিরা এ তিন ক্যাটাগরিতে গল্প জমা দেন। তাঁদের মধ্য থেকে ১০ জন সুখী দম্পতিকে সম্মাননা স্মারক প্রদান ও সংবর্ধনা দেওয়া হয়েছে। এ ছাড়া লটারির মাধ্যমে ৫০ জন দম্পতিকে পুরস্কার প্রদান করা হয়েছে।