'প্রধান বিচারপতির কোন কথা বিশ্বাস করব?'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ নেতা আবদুল মতিন খসরু বলেছেন, ‘প্রধান বিচারপতি নিজের কথায় ঠিক থাকতে পারেন না। তিনি একেক সময় একেক কথা বলেন।’ আজ শনিবার দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার ছয় গ্রামে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সাবেক এই আইনমন্ত্রী বলেন, ‘বিভিন্ন সভা সেমিনারে তিনি (প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা) বলেন, বিচার বিভাগ স্বাধীন। আবার কিছু মানুষের কাছে বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নেই। আমরা তাঁর কোন কথা বিশ্বাস করব? লিখিত না মৌখিক?’

কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনের সাংসদ আবদুল মতিন খসরু বলেন, ‘প্রধান বিচারপতির বিরুদ্ধে দালিলিক প্রমাণসহ কিছু অভিযোগ পাওয়া গেছে। তদন্তে সেগুলো প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে আইন তাঁর নিজস্ব গতিতে চলবে।’ এর সঙ্গে তিনি যোগ করেন, ‘প্রধান বিচারপতি অসুস্থতার কারণে ছুটি চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন। আবার মৌখিকভাবে বলছেন, তিনি সুস্থ আছেন। আমরা চাই তিনি চিকিত্সা শেষে সুস্থ হয়ে দেশে ফিরে আবার দায়িত্ব পালন করুন।’

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাহাবুব উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ব্যাংকের ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক তাহের আহমেদ চৌধুরী, কুমিল্লা অঞ্চলের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আমিরুল ইসলাম, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাশেম খান ও বাকশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা।