'প্রধান সমস্যার' সমাধান হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই দৃশ্য রাজধানীর কলাবাগানের আবেদ ঢালী সড়কের। গতকাল তোলা ছবি l প্রথম আলো
এই দৃশ্য রাজধানীর কলাবাগানের আবেদ ঢালী সড়কের। গতকাল তোলা ছবি l প্রথম আলো

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাচনের দুই বছর পূর্তি হবে কাল শুক্রবার। কিন্তু এখন পর্যন্ত ডিএসসিসির ১৭ নম্বর ওয়ার্ডে তেমন কোনো উন্নয়নকাজ করেনি ডিএসসিসি। ওয়ার্ডের ‘প্রধান সমস্যা’ সড়কে খানাখন্দ। অথচ দুই বছরেও কোনো সংস্কারকাজ হয়নি।
কলাবাগান, লেক সার্কাস, উত্তর ধানমন্ডি, আবেদ ঢালী রোড, ডলফিন গলি, বশীর উদ্দিন রোড, গ্রিন রোড পশ্চিম, গ্রিন রোড স্টাফ কোয়ার্টার, তল্লাবাগ, শুক্রাবাদ ও সোবহানবাগ এলাকা নিয়ে এই ওয়ার্ড গঠিত। এসব এলাকায় দেড় লক্ষাধিক লোকের বাস।
এই ওয়ার্ডের প্রায় প্রতিটি সড়ক খানাখন্দে ভরা। এ ছাড়া রাস্তায় সড়কবাতি, কমিউনিটি সেন্টার ও কাঁচাবাজার নেই। প্রতিটি অলিগলিতে দোকানপাট ও ময়লা-আবর্জনা ছড়িয়ে আছে। সামান্য বৃষ্টিতেই উত্তর ধানমন্ডি ও শুক্রাবাদে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এদিকে অযত্ন-অবহেলায় কলাবাগান শিশুপার্কের সব কটি রাইড নষ্ট হয়ে গেছে।
গতকাল বুধবার এলাকা ঘুরে ও স্থানীয় বাসিন্দা এবং জনপ্রতিনিধির সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
সরেজমিনে দেখা যায়, মিরপুর রোড-সংলগ্ন আবেদ ঢালী সড়কের ইট-পাথর উঠে খানাখন্দের সৃষ্টি হয়েছে। সড়কের কয়েকটি গর্তে ভাঙা ইট ফেলা হয়েছে। পুরো সড়ক ময়লা-আবর্জনায় ভরা। এ ছাড়া আবেদ ঢালী সড়ক থেকে ডলফিন গলিতে যাওয়ার পথে সড়কের দুপাশে বাসাবাড়ির নিচতলায় রেস্তোরাঁ, মাংসের দোকানসহ বিভিন্ন রকমের দোকানপাট গড়ে তোলা হয়েছে। পৃথক স্থানে ৮ থেকে ১০টি অস্থায়ী দোকানও দেখা গেছে।
স্থানীয় লোকজন বলেন, সকাল থেকে গভীর রাত পর্যন্ত এসব দোকানে আড্ডাবাজি চলে। এ ছাড়া সড়কে সকালে কাঁচাবাজার বসে। এসব দোকানের বর্জ্য সড়কে ফেলা হয়। তা পচে দুর্গন্ধ ছড়ায়।
সরেজমিনে দেখা যায়, আবেদ ঢালী রোডে ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের সামনে সড়কে নির্মাণসামগ্রী ও ময়লা-আবর্জনা স্তূপ করে রাখা রয়েছে।
আবেদ ঢালী রোডের বাসিন্দা তৈমুর আলম বলেন, বাসাবাড়ির নিচে সড়ক ঘেঁষে এভাবে দোকানপাট গড়ে তোলায় ও ময়লা-আবর্জনা ছড়িয়ে থাকায় আবাসিক এলাকার সৌন্দর্য নষ্ট হয়েছে। এ ছাড়া খানাখন্দে ভরা সড়কে ময়লা-আবর্জনা ছড়িয়ে থাকায় চলাচল করতে সমস্যা হয়। তিনি এসব দোকানপাট উচ্ছেদ ও সড়কগুলো সংস্কারের দাবি জানান।
ডিএসসিসির ১৭ নম্বর ওয়ার্ডে অর্ধশতাধিক সড়ক ও গলি আছে। কিন্তু অধিকাংশ এলাকায় সড়ক বাতি দেখা যায়নি। রাতে কটি বাতি জ্বলে, তার হিসাব জানে না ডিএসসিসি।
ডলফিন গলির বাসিন্দা তানভির হোসেন বলেন, ঢাকা শহরের প্রায় সব জায়গায় এলইডি বাতি লাগিয়েছে ডিএসসিসি। অথচ আজ পর্যন্ত এই এলাকায় এলইডি বাতি লাগানো হয়নি। যে বাতিগুলো লাগানো আছে, সেগুলোও ঠিকমতো জ্বলে না। এতে সন্ধ্যার পর সড়কে মাদকসেবীদের আড্ডা জমে। রাত বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চুরি-ছিনতাই বেড়ে যায়।
২০১২ সালে কলাবাগান ও আশপাশের এলাকার শিশু-কিশোরদের আনন্দ-বিনোদনের জন্য ধানমন্ডি লেকের পূর্ব পাড়ে নির্মাণ করা হয় ‘কলাবাগান শিশুপার্ক’। নান্দনিক এই পার্কের নির্মাণকাজ শেষ ২০১৪ সালে। কিন্তু এখনো শিশুপার্কটি চালু করতে পারেনি ডিএসসিসি।
সরেজমিনে দেখা যায়, কলাবাগান শিশুপার্কে স্লিপার, দোলনাসহ বেশ কিছু রাইড আছে। রাইডগুলো মাকড়সা বাসা বেঁধেছে। পার্কের ছোট্ট লেকটিতে পানি নেই। পুরো পার্ক আবর্জনায় ভরা। বিভিন্ন স্থানে বড় বড় আগাছার জন্ম নিয়েছে। এর মধ্যে ১০ থেকে ১৫ জন শিশু-কিশোর খোলাধুলা করছে। আড্ডা দিচ্ছেন তরুণ-তরুণীরা।
সামান্য বৃষ্টিতেই উত্তর ধানমন্ডি ও শুক্রাবাদ এলাকার সড়কে পানি জমে যায় বলে অভিযোগ করেছেন এলাকার বাসিন্দারা। শুক্রাবাদের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, আশপাশের এলাকা থেকে শুক্রাবাদ কিছুটা নিচু। তাই বৃষ্টি হলে অন্যান্য এলাকার পানি গড়িয়ে এই এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। সড়ক থেকে পানি সরতে ৮ থেকে ১০ ঘণ্টা সময় লেগে যায়।