‘প্রধানমন্ত্রিত্ব চাই না, শান্তি চাই’ মর্মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত রোববার আলেমদের সমাবেশে দেওয়া বক্তব্যকে জাতির প্রতি ‘নির্মম রসিকতা’ বলে দাবি করেছে জামায়াতে ইসলামী।
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান গতকাল সোমবার এক বিবৃতিতে এ দাবি করেন।
বিবৃতিতে বলা হয়, সরকারের জুলুম-নিপীড়নের আতঙ্কে বিরোধী দলের নেতা-কর্মীরা আজ নিজের বাসাবাড়িতে থাকতে পারছেন না। তাঁরা গ্রেপ্তারের আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন। সরকার একদিকে পুলিশ, র্যাব ও বিজিবি দিয়ে বিরোধী দলের নেতা-কর্মীদের অব্যাহতভাবে তাড়িয়ে বেড়াচ্ছে, অন্যদিকে আবার নির্বাচনে আসার আহ্বান জানিয়ে নির্মম রসিকতা করছে।
বিবৃতিতে দাবি করা হয়, সরকারের লেলিয়ে দেওয়া ক্যাডাররা বিভিন্ন স্থানে হামলা চালিয়ে, বাসে অগ্নিসংযোগ করে ও নৈরাজ্য সৃষ্টি করে তা বিরোধী দলের ওপর চাপানোর চেষ্টা করছে। আর প্রধানমন্ত্রী এসব বিষয় নিয়ে কটাক্ষ করে বক্তব্য দিয়ে জাতির সঙ্গে উপহাস করছেন। জনগণ প্রধানমন্ত্রীর এসব অবান্তর বক্তব্য ও ভূমিকা প্রত্যাখ্যান করেছে।
বিবৃতিতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানে পুনর্বহাল এবং জাতীয় সংসদ ভেঙে দিয়ে পদত্যাগ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।