‘প্রধানমন্ত্রী, ইলিয়াসকে নিঃশর্ত ফেরত দিন’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আকুতি জানিয়ে বিএনপির ‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলীর শাশুড়ি মাহফুজা খাতুন বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, ইলিয়াস আলীর নাবালক তিন সন্তান ও আমার মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে তাঁকে ফেরত দিন। আপনার কাছে আমার জামাতাকে নিঃশর্ত ফেরত চাই।’গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে মাগুরা সদরের পারনান্দুয়ালি গ্রামের নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে মাহফুজা খাতুন এই আকুতি জানান।মাহফুজা খাতুন বলেন, ‘নিখোঁজ হওয়ার ১০ দিন পরও ইলিয়াসের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ জন্য আমরা গভীরভাবে উদ্বিগ্ন-চিন্তিত। সে নিখোঁজ হওয়ার পর থেকে দুশ্চিন্তায় আমরা ঘুমাতে পারছি না।’ তিনি আরও বলেন, ‘ইলিয়াস আলীর স্ত্রী তাহমিনা রুশদীর আমার মেজো মেয়ে। ওদের তিনটি নাবালক সন্তান রয়েছে। বাবা নিখোঁজ হওয়ার পর থেকে এই সন্তানেরা বাকরুদ্ধ। ওদের সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নেই।’কথা বলার একপর্যায়ে ইলিয়াসের বৃদ্ধা শাশুড়ি কান্নায় ভেঙে পড়েন। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি কবীর মুরাদ, ইলিয়াস আলীর শ্যালক মুন্সী আঞ্জুম হাসান উপস্থিত ছিলেন। পারনান্দুয়ালি গ্রামের মুন্সী একরামুল হাসানের মেজো মেয়ে তাহমিনার সঙ্গে ১৯৯০ সালে ইলিয়াস আলীর বিয়ে হয়।