‘প্রধানমন্ত্রী, সড়কপথে সুনামগঞ্জে আসুন...’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সড়কপথে সুনামগেঞ্জ আসুন। আমাদের দুর্দশা স্বচক্ষে দেখুন...।’ এ আহ্বান জানিয়ে ৬৮ কিলোমিটার দীর্ঘ সিলেট-সুনামগঞ্জ সড়ক উন্নয়নের আহ্বান জানিয়েছে সিলেট নগরে বসবাসরত সুনামগঞ্জের বাসিন্দারা। গতকাল শুক্রবার বিকেলে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ‘সুনামগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদ’ আয়োজিত মানববন্ধনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি এ আহ্বান জানানো হয়। বিকেল চারটা থেকে সাড়ে চারটা পর্যন্ত চলে এই মানববন্ধন। এ সময় শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী, জনপ্রতিনিধিরাও মানববন্ধনে একাত্ম হন।আয়োজকেরা জানান, সিলেট-সুনামগঞ্জ সড়ক আঞ্চলিক মহাসড়কে উন্নীত করার সিদ্ধান্ত হয় ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে। ১৯৯৭ সালের ১৮ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুনামগঞ্জ সফরে গিয়ে ওই সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা দেন। পরবর্তী সময়ে চারদলীয় জোট সরকার ওই সিদ্ধান্ত বাস্তবায়ন না করায় ৬৮ কিলোমিটার সড়কে ১৪টি সেতু ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। বর্তমান সরকারের আমলেও সেই ঘোষণা বাস্তবায়িত না হওয়ায় মানবিক বিবেচনায় সড়ক উন্নয়নের দাবিতে মানববন্ধন করা হয়।১০ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সফর নির্ধারিত হয়েছে। এই সফর উপলক্ষে প্রধানমন্ত্রীকে সড়কপথে সুনামগঞ্জ সফরের আহ্বান জানিয়ে বিভিন্ন প্লাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করে মানববন্ধনে একাত্ম হয় সেখানকার সর্বস্তরের মানুষ। তাদের আহ্বান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আকাশপথে না এসে সড়কপথে সুনামগঞ্জে এলে স্বচক্ষে এই জেলার দুঃখ-দুর্দশা এবং সড়কপথের নাজুক অবস্থা দেখে যেতে পারবেন।মানববন্ধনে বাংলাদেশ উপজেলা ভাইস চেয়ারম্যান ফোরামের সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব শামীমা শাহরিয়ার, হাওর উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, সিলেট বিভাগ যুবক্যল্যাণ ঐক্য পরিষদের সভাপতি লয়লুছ আহমদ চৌধুরী, ধরমপাশা উপজেলা উন্নয়ন ফোরামের সভাপতি আল-আমিন, ময়মনসিংহ সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক মো. তৌফিকুল আলম, তাহিরপুর সমিতির সভাপতি পীযূষ পুরকায়স্থ, সাধারণ সম্পাদক কাসমির রেজা, সিলেট কল্যাণ সংস্থার সদস্য সচিব আলী হাসানসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা একাত্মতা প্রকাশ করেন। আয়োজক সংগঠন সিলেটে বসবাসরত সুনামগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি বিশ্বজিৎ সরকার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বক্তব্য দেন।