'প্রধানমন্ত্রী, অধ্যাপক রেজাউলের পরিবারের কান্না শুনুন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়ে বলব, অধ্যাপক রেজাউলের পরিবারের কান্না শুনুন, তাঁর মেয়ে শতভীর কান্না শুনুন, স্ত্রী-ছেলের কান্না শুনুন। বোঝার চেষ্টা করেন, তাঁরা কেমন আছেন। আপনি হয়তো বিষয়টি আরও ভালো বুঝবেন। কারণ, আপনি জানেন, এভাবে নৃশংসভাবে পরিবারের সদস্যকে হারানোর বেদনা কত ভয়াবহ।’

কথাগুলো খুন হওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীর সহকর্মী ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. শহীদুল্লাহর। আজ বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশে তিনি এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে আয়োজিত কর্মসূচিতে মো. শহীদুল্লাহ আরও বলেন, ‘আমরা একটি আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করেছিলাম। কিন্তু রেজাউল করিম হত্যায় আজ ক্যাম্পাসের শিক্ষার্থীসহ পুরো দেশ উত্তাল। সেখানে আমরা ঘুমিয়ে থাকতে পারিনি। তাই জরুরি সভা ডেকে আন্দোলনে নেমেছি। আজ আন্দোলন করছি, প্রতিদিনই বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবস্থান ধর্মঘট ও মানববন্ধন করব, যত দিন না খুনিদের শাস্তি হয়।’
মানববন্ধনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মোজাম্মেল হোসেন বলেন, ‘পুলিশ, গোয়েন্দা কর্মকর্তারা কয়েকটা বিষয়কে ধরে তদন্ত চালিয়ে যাচ্ছেন। পুলিশ প্রশাসন এখন পর্যন্ত কোনো কূলকিনারায় পৌঁছতে পারেনি। এর আগেও আমরা শিক্ষককে হারিয়েছি; তারও কোনো কূলকিনারা পাইনি। পুলিশ বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তাই পুলিশ প্রশাসনকে বলতে চাই, আপনারা যদি না পারেন, তাহলে দায়িত্ব ছেড়ে দিন।’
ভাষা বিভাগের অধ্যাপক বিথীকা বণিক বলেন, ‘আমরা একের পর এক শিক্ষককে হারাচ্ছি। কিন্তু কোনোটারই কোনো সুরাহা হচ্ছে না। আমরা জীবনের নিশ্চয়তা চাই। আর যদি না-ই পাই, তাহলে শিক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে কী লাভ! তাই প্রশাসনকে বলছি, সজাগ হোন। না হলে এই করছি, সেই করছি,Ñএমন মায়াকান্না করে কোনো লাভ নেই।’
এদিকে অধ্যাপক রেজাউল হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে ষষ্ঠ দিনের মতো আজ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশসহ নানা কর্মসূচি পালন করেছেন। সকাল সাড়ে ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে সমাবেশ করেন ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, নাট্যকলা বিভাগ, সংগীত বিভাগ, নৃবিজ্ঞান, ফাইন্যান্স বিভাগ বিক্ষোভ মিছিল নিয়ে যোগ দেয়। পরে সেখান থেকে মিছিল নিয়ে শহীদুল্লাহ কলাভবনের সামনের আমতলায় ‘মুকুল প্রতিবাদ ও সংহতি মঞ্চ’-এ গিয়ে শেষ হয়। গতকাল বুধবার বিকেলে অধ্যাপক রেজাউলের ডাকনাম ‘মুকুল’ নামে এ প্রতিবাদ মঞ্চ তৈরি করেন ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা। এ মঞ্চ থেকেই পরবর্তী সব আন্দোলন পরিচালিত হবে বলে জানানো হয়।
পরে ‘মুকুল প্রতিবাদ ও সংহতি মঞ্চ’ থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শিক্ষার্থীরা সম্মিলিতভাবে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়। এরপর ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। দুপুরে রাজশাহী মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়, বিভাগীয় পুলিশ কমিশনারের কার্যালয়, র‌্যাব-৫-এর কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেন ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
এদিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অধ্যাপক রেজাউল হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, বাংলা বিভাগ, হিসাববিজ্ঞান ও তথ্যব্যবস্থা বিভাগ পৃথকভাবে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। পরে বেলা দুইটার দিকে অধ্যাপক রেজাউল হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন কাজলা এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে মানববন্ধন করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
গত শনিবার সকালে রাজশাহীর শালবাগান এলাকায় নিজ বাসার কাছেই ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই দিনই তাঁর ছেলে রিয়াসাত বাদী হয়ে মামলা করেন।