চট্টগ্রামের বাঁশখালীতে সংখ্যালঘু পরিবারের ১১ জনকে আগুনে পুড়িয়ে হত্যা মামলার বিচারকাজ এখনো থমকে আছে। ছয় মাস ধরে ধার্য দিনে একজন সাক্ষীকেও হাজির করতে পারেনি পুলিশ।
আজ মঙ্গলবার বীভৎস এই হত্যাকাণ্ডের ১১ বছর পূর্ণ হবে। ২০০৩ সালের ১৮ নভেম্বর রাতে বাঁশখালীর সাধনপুর গ্রামের শীলপাড়ার তেজেন্দ্র লাল শীলের বাড়িতে আগুন দিয়ে একই পরিবারের ১১ জনকে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটে।
মামলার বাদী ডা. বিমল শীল বলেন, ‘বিচার কি পাব না। শুধু চোখের জল পড়বে। আমরা তো এ দেশের নাগরিক। কোথায়, কার কাছে গেলে বিচার পাব? প্রধানমন্ত্রী আশ্বস্ত করার পরও দ্রুত বিচার নিষ্পত্তি হয়নি। হলো না। তাই মঙ্গলবার (আজ) সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রীর কাছে আবারও দাবি জানাব।’
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি পিপি আবুল হাশেম বলেন, ‘আইনি গ্যাঁড়াকলে মামলাটির বিচার ঝুলে আছে। আসামিরা বারবার সময়ের প্রার্থনা, ধার্য দিনে সাক্ষীকে পুলিশ হাজির করতে না পারা, প্রধান আসামির স্থগিতাদেশ নেওয়ার কারণে বিচার শেষ হচ্ছে না। তা ছাড়া তদন্তে অনেক দিন লেগে যায়।’ সাক্ষীদের হাজির না করা প্রসঙ্গে জেলা কোর্ট পরিদর্শক উনু মং বলেন, সাক্ষীদের বেশির ভাগই বাঁশখালী থানার। তাঁদের খোঁজে পুলিশ গেলেও ওই ঠিকানায় পাওয়া যাচ্ছে না।
ঘটনার পর বেঁচে যাওয়া পরিবারের একমাত্র সদস্য বিমল শীল বাদী হয়ে বাঁশখালী থানায় মামলা করেন। মূল হোতা বিএনপির নেতা আমিনুর রহমান চেয়ারম্যানকে বাদ দিয়ে দুই দফায় অভিযোগপত্র জমা দেয় পুলিশ। বাদী এই অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি দিলে আদালত পুনঃ তদন্তের নির্দেশ দেন। দীর্ঘ আট বছর পর ২০১১ সালের ৯ জানুয়ারি আমিন চেয়ারম্যানসহ ৩৯ জনকে আসামি করে এবং ৫৭ জনকে সাক্ষী রেখে অভিযোগপত্র দেয় সিআইডি। পরে জাকির নামের এক আসামির নাম রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার করে নেওয়া হয়।