'প্রধানমন্ত্রী ও ইসির অধীনে নির্বাচন হতে দেওয়া হবে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার, বর্তমান প্রধানমন্ত্রী, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। নির্বাচন হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে।

আজ বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত ‘আগামীর বাংলাদেশ ও তৃণমূলের ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। সভায় বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবিলা করতে পারছে না। ফলে তারা তারেক রহমানের বিরুদ্ধে কুত্সা রটিয়ে মামলা দিয়ে বিএনপিকে মোকাবিলা করতে চায়।

মির্জা ফখরুল আরও বলেন, সংবিধান কোরআন বা বাইবেল নয় যে এটা পরিবর্তন করা যাবে না। জনগণের প্রয়োজনে, সাধারণ মানুষের দাবি অনুযায়ী সংবিধান পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তন করতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘তারেক রহমান সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ভাবনা থেকে যে রূপরেখা দিয়েছেন, তা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সবচেয়ে বড় দিকনির্দেশনা। আওয়ামী লীগ নেতারা এই রূপরেখার জনপ্রিয়তায় ভীত হয়ে গেছে। তাদের পায়ের নিচ থেকে মাটি চলে গেছে। ফলে তারা কুত্সা রটিয়ে তারেক রহমানকে থামাতে চায়।’

বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘১/১১ সরকার তারেক রহমানের নামে দুর্নীতির মামলা দিয়েছে, চরিত্রে কালিমা লেপনের চেষ্টা করেছে, পারেনি। কিন্তু একজন আইনজীবী হিসেবে আমি সরকারি আইনজীবীদের বলেছি, আপনারা এর প্রমাণ দেন। কিন্তু তারা তা দিতে পারেনি।’