‘প্রধানমন্ত্রী ঘন ঘন আইলে আঁরা শান্তিত থাকিতাম’
কক্সবাজার শহরের বিমানবন্দর সড়কের শুঁটকির বাজারটি গতকাল বুধবার সরিয়ে দেওয়া হয়েছে। খানাখন্দে ভরা সড়কগুলোর সংস্কারকাজ চলছে দ্রুতগতিতে। হোটেল মোটেল জোন, বাইপাস সড়ক ও প্রধান সড়কের দুপাশ দখল করে তৈরি করা শত শত অবৈধ দোকানপাটেও চলছে উচ্ছেদ অভিযান। শহরে চলাচলকারী তিন হাজারের বেশি অবৈধ টমটম ও ১০ হাজারের বেশি রিকশা নিয়ন্ত্রণ করে শহরকে যানজটমুক্ত করা হচ্ছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ এপ্রিল ছয় ঘণ্টার সফরে কক্সবাজার আসছেন। আর এ কারণে এভাবেই বদলে দেওয়া হচ্ছে কক্সবাজার শহরের চেহারা।কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী বলেন, অবৈধ শুঁটকির বাজারটি সরানোর জন্য অনেক আন্দোলন হয়েছে। সংবাদপত্রে বহু লেখালেখি হয়েছে। কিন্তু শুঁটকি মার্কেটটি উচ্ছেদ করা হয়নি। এখন শুঁটকির বাজারটি সরিয়ে দেওয়ায় তিনি স্বস্তি প্রকাশ করেন। তবে প্রধানমন্ত্রীর সফরের পর বাজারটি যেন আবার বসতে না পরে সে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি কর্তৃপক্ষের কাছে দাবি জানান।কক্সবাজার পরিবেশ ও বন সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা জানান, বাজারটির কয়েক শ গজ দূরত্বের মধ্যে পাঁচ-ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের অবস্থান। প্রতিষ্ঠানগুলোর প্রায় ছয় হাজার শিক্ষার্থীকে প্রতিদিন নাক চেপে বাজারের পাশ দিয়ে আসা-যাওয়া করতে হয়।কক্সবাজার সরকারি মহিলা কলেজের ছাত্রী জান্নাতুল ফেরদৌস বলেন, ‘মাত্র ছয় ঘণ্টার জন্য প্রধানমন্ত্রী কক্সবাজার আসছেন বলে আমরা ময়লা-আবর্জনা, দুর্গন্ধ ও যানজটমুক্ত একটি শহর পাচ্ছি। এই অবস্থা কত দিন থাকে হিসাব করব।’বাদাম বিক্রেতা ফরিদুল মোস্তফা জানান, ‘পশাসন চাইলে পুরা শহরটারে সুন্দর গরি সাজায়ে তুলিত পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুক্ষণর জন্য কক্সবাজার আইয়ের, আর তাঁকে দেখাইবারলাই আঁরার পশাসনর কর্মকর্তারা চার দিন আগে কক্সবাজারকে সাঁজানর হাজত ঝাঁপাই পইজ্জে। এহন ঘন ঘন লোডশেডিং ন অয়। প্রধান সড়কে দীর্ঘ যানজটও নাই। প্রধান সড়কর ময়লা-আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্ন। এ হারনে সাধারণ মানুষ খুব খুশি। আঁরার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘন ঘন কক্সবাজার আইলেই ভালা অইত। আঁরা শান্তিত থাকিতাম।’