স্বাধীনতা-উত্তর জাসদের গণবাহিনীর ভূমিকা নিয়ে গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে জাতীয় পার্টি ও জাসদের মধ্যে তিক্ত আলোচনা হয়েছে। আলোচনার সূত্রপাত করেন জাতীয় পার্টির সাংসদ কাজী ফিরোজ রশীদ। তিনি ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযুদ্ধের বিএলএফের (বাংলাদেশ লিবারেশন ফোর্স) তালিকা ভারত থেকে আনার জন্য সংসদে একটি বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাব উত্থাপন করে গণবাহিনীর প্রসঙ্গ টেনে আনেন।
প্রস্তাব উত্থাপন করে ফিরোজ রশীদ বলেন, ‘মুক্তিযুদ্ধের পরে যেন প্রতিবিপ্লব না হয়, সে জন্য বিএলএফ গঠন করা হয়েছিল। কিন্তু সেই বাহিনীর একজন সিরাজুল আলম খান বিএলএফ থেকে বের হয়ে জাসদ তৈির করেন। আমরা যারা ছাত্রলীগ-যুবলীগ-আওয়ামী লীগ করতাম, তাদের এই জাসদ আর গণবাহিনী মাঠেঘাটে হত্যা করেছে। সেদিন যদি জাসদ বা গণবাহিনী সৃষ্টি না হতো, তাহলে বঙ্গবন্ধুকে কেউ হত্যার সাহস পেত না। আমাদের প্রধানমন্ত্রী তো নীলকণ্ঠ, উনি সব সহ্য করতে পারেন।’
সিদ্ধান্ত প্রস্তাবের ওপর আলোচনায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, সিরাজুল আলম খান মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ে প্রতিবিপ্লবের পথ সুগম করেছিলেন। সে সময়ে জাসদের পেছনে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি ঐক্যবদ্ধ হয়েছিল। স্বাধীনতাবিরোধী শক্তি মুসিলম লীগ পরিবার রাতারাতি জাসদ হয়ে গেল। আজকে তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখতে ঐক্যবদ্ধ হয়েছে। এ জন্য তাদের ধন্যবাদ। কিন্তু তাদের ভুলের জন্য জাতিকে ৪৩ বছর ধরে েখসারত দিতে হচ্ছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী প্রস্তাবটি গ্রহণের পক্ষে মত দেওয়ার পর কণ্ঠভোটে তা গৃহীত হয়।
জাসদের সাংসদ মঈন উদ্দীন খান বাদল পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে অনির্ধারিত আলোচনায় বলেন, বিরোধী দলের একজন সদস্যের প্রস্তাব নিয়ে সরকারের শরিক একটি দলকে আনন্দচিত্তে জবাই করা হচ্ছে। দলটির ঠিকুজি উদ্ধার করা হচ্ছে। তিনি বলেন, ‘ইতিহাসের মাইন ফিল্ডে হাঁটলে যেকোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে। বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত জাসদ যা করেছে, ইতিহাস বলবে, তা সঠিক, নাকি ভুল ছিল। আমাদেরও ২০ হাজার লোক মারা গিয়েছিল।’ তিনি বলেন, জাসদ প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে ছিল। অষ্টম সংসদ নির্বাচনের পর ২০০২ সালে মানবতাবিরোধী অপরাধকে কেন্দ্র করে আওয়ামী লীগের সম্মেলনে জাসদ ছাড়া অন্য কোনো দল উপস্থিত ছিল না।
এ সময় আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদ, জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদসহ আরও কয়েকজন সদস্য পাশ থেকে বাদলকে গণবাহিনী নিয়ে বলতে বলেন।
তখন মঈন উদ্দীন খান বাদল বলেন, বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত জাসদ যা করেছিল, সেটা ছিল ইতিহাসের বাঁক। সময় বলে দেবে, কে সঠিক আর কে ভুল ছিল। কখনো বলিনি, যা করেছি সঠিক করেছি। কিন্তু যেভাবে প্রস্তাবটি তোলা হয়েছে, সেটা সঠিক হয়নি। ’৮২ থেকে ৯০ পর্যন্ত স্বৈরাচারের বিরুদ্ধে এখানে অনেকেই আন্দোলন করেছিলেন।
এ সময় ফিরোজ রশীদ দাঁড়িয়ে মাইক ছাড়াই মঈন উদ্দীন খানের উদ্দেশে কথা বলতে শুরু করেন। মঈন উদ্দীন খান স্পিকারকে উদ্দেশ করে বলেন, ‘আই নিড ইউর প্রটেকশন।’ তখন স্পিকার শিরীন শারমিন চৌধুরী ফিরোজ রশীদকে আসনে বসার অনুরোধ করেন।
এরপর মঈন উদ্দীন খান বলেন, ‘হাসানুল হক ইনু ও আমি টেলিভিশনে বলেছি, পিতার (বঙ্গবন্ধু) বিরুদ্ধে সমালোচনা করা ভুল হলে, আজ তার কাফফারা দিচ্ছি।’ তিনি আরও বলেন, ‘আলোচনা করতে চাইলে হবে। কিন্তু এমন পরিস্থিতির সৃষ্টি করতে চাচ্ছেন কেন? পেছনের ঘটনা কী?’
পরে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ তাঁর বক্তৃতায় এই আলোচনার বিষয়ে হতাশা ব্যক্ত করেন। তিনি অধিবেশন শেষে মঈন উদ্দীন খান ও ফিরোজ রশীদকে একসঙ্গে বসে ‘তিক্ততার’ অবসান ঘটানোর অনুরোধ জানান।
সংসদে যখন জাসদ নিয়ে এ আলোচনা চলছিল, তখন দলটির সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু উপস্থিত ছিলেন। রাতে প্রথম আলোর পক্ষ থেকে এই বিষয়ে জানতে চাইলে জাসদের সভাপতি হাসানুল হক ইনু কোনো মন্তব্য করতে রাজি হননি।
তবে জাসদ ও জাতীয় পার্টির এই বিতর্ককে ইতিবাচক বলে মনে করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের। তিনি প্রথম আলোকে বলেন, কারও সম্মানহািন না ঘটিয়ে সংসদকে প্রাণবন্ত করার জন্য মাঝেমধ্যে অতীতের বিষয় নিয়ে বিতর্ক হওয়া ভালো।
সুইস ব্যাংকে চিঠি লোক দেখানো: প্রশ্নোত্তরের পর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে অনির্ধারিত আলোচনায় জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ বলেন, বাংলাদেশ ব্যাংক লোক দেখানোর জন্য সুইস ব্যাংকের কাছে তথ্য চেয়েছে। যখন টাকা পাচার হয়, তখন ধরতে পারে না। তার জানে, সুইস ব্যাংক তথ্য দিতে বাধ্য নয়।
ফিরোজ রশীদ বলেন, হল-মার্ক নিয়ে এত বড় দুর্ঘটনা ঘটে গেল, এতগুলো টাকা লুটপাট হলো, অথচ বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তাকেও জিজ্ঞাসাবাদ করা হলো না। বেসিক ব্যাংক নিয়ে এত ঘটনা ঘটলেও এর পরিচালনা পর্ষদকে এখন পর্যন্ত ভেঙে দেওয়া হলো না। তাদের আইনের আওতায় অানা হলো না। সিএসআরের (বৃহৎ প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা) নামে ব্যাংকগুলোতে হরিলুট চলছে। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকও তাদের নিয়ন্ত্রণ করতে পারছে না।