'প্রধানমন্ত্রী বেশি সন্তান নেওয়ার পক্ষে নন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক
স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, ‘দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়’—জনসংখ্যা নিয়ন্ত্রণের এই স্লোগান পরিবর্তনের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশনা মন্ত্রণালয় মেনে চলবে। তবে এর অর্থ এই নয় যে প্রধানমন্ত্রী বেশি সন্তান নেওয়ার পক্ষে। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এর আগে ১৯ জুন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী জনসংখ্যা নিয়ন্ত্রণের স্লোগানটি বাদ দিয়ে প্রতিটি পরিবারকে দুটি করে সন্তান নেওয়ার পক্ষে মত দেন। তিনি তখন বলেন, ‘জনসংখ্যা নিয়ন্ত্রণের এই স্লোগান বাদ দিতে চাই। স্লোগানের শেষের অংশটুকু বাদ দিয়ে আপনারা প্রচেষ্টা চালান।’ এর পক্ষে যুক্তি তুলে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘যারা জনসংখ্যা নিয়ন্ত্রণে একটি সন্তানের পক্ষে স্লোগান নিয়ে এগিয়েছে, তারাই বৃদ্ধের রাষ্ট্রে পরিণত হয়েছে। বিশ্বব্যাপী তরুণ সমাজের অভাব দেখা যাচ্ছে।’

আগামীকাল ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। এবারের প্রতিপাদ্য, ‘তারুণ্যে বিনিয়োগ, আগামীর উন্নয়ন’। দিবসটি উপলক্ষে মন্ত্রণালয় আজ সংবাদ সম্মেলনটির আয়োজন করে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রীর প্রতি সাংবাদিকদের প্রশ্ন ছিল, আসলেই স্লোগানে কোনো পরিবর্তন আসছে কি না? এর উত্তরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। অবশ্যই সেটা মানতে হবে। আমরা দেখব কী করা যায়। তবে প্রধানমন্ত্রী কখনোই বেশি সন্তানের পক্ষে নন। তিনি কাউকে দুইয়ের বেশি সন্তান নিতে বলেননি।’

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার ৩১ শতাংশই হলো কিশোর-কিশোরী ও তরুণ-তরুণী। এটি বাংলাদেশের জন্য বিরাট সুযোগ। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিবেদনে দেখা যায়, ২০১২-২০১৩ অর্থবছরে বাংলাদেশ থেকে চার লাখ ৩২ হাজার ৬৯ জন শ্রমিক বিদেশে গেছে, যাদের বয়স ২৪ বছরের নিচে। সরকারের সব কর্মকাণ্ডে তরুণদের প্রাধান্য দেওয়া হচ্ছে।

তরুণদের জন্য বিশেষ কী করা হচ্ছে—এর জবাবে নতুন কিছু শোনাতে পারেননি প্রতিমন্ত্রী। তিনি জানান, প্রজনন স্বাস্থ্যসেবা তাঁদের কর্মকাণ্ডের কেন্দ্রে রয়েছে। এর বাইরে দক্ষ তরুণদের বিভিন্ন কাজের সুযোগ সৃষ্টি করে দেওয়ারও চেষ্টা চলছে।