সার্ক শীর্ষ সম্মেলনে যোগদান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শুক্রবার ভুটান থেকে দেশে ফিরেছেন। একই বিমানে ছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ। তিনি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতিকালে বলেন, শেখ হাসিনা তাঁদের জন্য একজন মাতৃতুল্য ব্যক্তিত্ব। নাশিদ ভুটানের রাজধানী থিম্পু থেকে চীনে যাওয়ার পথে ঢাকায় বিমানবন্দরে এক ঘণ্টার যাত্রাবিরতি করেন। এ সময় তিনি শেখ হাসিনার সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন। থিম্পুতে ১৬তম সার্ক শীর্ষ সম্মেলন শেষে গতকাল শুক্রবার দুই নেতা ভুটানের ড্রুক এয়ারের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান। খবর ইউএনবির।এর আগে ভুটানের প্যারো ইন্টারন্যাশনাল বিমানবন্দরে দুই নেতাকে বিদায় জানান সে দেশের প্রধানমন্ত্রী জিগমি ওয়াই থিনলে। ঢাকায় পৌঁছানোর পর শেখ হাসিনা আগে বিমান থেকে নেমে প্রেসিডেন্ট নাশিদ ও তাঁর স্ত্রী লায়লা আলী আবদুল্লাহকে স্বাগত জানান। এরপর তাঁরা বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে সংক্ষিপ্ত বৈঠক করেন। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এ সময় উপস্থিত ছিলেন।পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৈঠকে সদ্য সমাপ্ত সার্ক শীর্ষ সম্মেলন সফল করতে শেখ হাসিনার নেতৃত্বের জন্য তাঁকে ধন্যবাদ জানান মালদ্বীপের প্রেসিডেন্ট। জবাবে মালদ্বীপে অনুষ্ঠেয় আগামী ১৭তম সার্ক শীর্ষ সম্মেলনের সাফল্য কামনা করেন শেখ হাসিনা। প্রেসিডেন্ট নাশিদ সুবিধাজনক সময়ে মালদ্বীপ সফরের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। বৈঠক শেষে বিকেলে প্রেসিডেন্ট নাশিদ ও তাঁর স্ত্রীকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।