'প্রধানমন্ত্রীই হবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান'
প্রধানমন্ত্রী শেখ হাসিনাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ।
গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে একটি স্মারকগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাছান মাহমুদ এ কথা বলেন।
বনমন্ত্রী বলেন, ‘সংবিধান অনুযায়ী অন্তর্বর্তী সরকারে বিরোধী দলকে নেওয়ার বাধ্যবাধকতা নেই। তার পরও আমাদের প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারে নাম দেওয়ার প্রস্তাব করেছেন। এর পরও বিরোধীদলীয় নেত্রী সাড়া না দিলে মনে করব আপনারা প্রকৃতপক্ষে গণতন্ত্রকে ব্যাহত করতে চান।’
এর আগে গত শুক্রবার জাতীর উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাব দেন। ওই দিন রাতে বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামও বলেছেন, শেখ হাসিনাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবে।
বল এখন বিএনপির কোর্টে: এদিকে গতকাল দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রীর প্রস্তাবের পর পুরো জাতি এখন বিএনপির সিদ্ধান্তের অপেক্ষায়। বল এখন বিএনপির কোর্টে। তারা যদি ইতিবাচক সিদ্ধান্ত নেয়, তাহলে আলোচনার জন্য শিগগিরই চিঠি চালাচালি শুরু হবে।
প্রধানমন্ত্রীর বক্তব্যের পর জাতি স্বস্তির আমেজ পেয়েছে উল্লেখ করে কামরুল ইসলাম বলেন, ‘সুশীল সমাজের অনেক প্রতিনিধি প্রধানমন্ত্রীর এ প্রস্তাবে বিএনপিকে সাড়া দেওয়ার আহ্বান জানিয়েছেন। এখন বিএনপি শান্তির পথে আসবে, না অশান্তির পথে যাবে, এটা নির্ভর করছে তাদের ওপর।’