'প্রধানমন্ত্রীকে সবার কথাই বলেছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি প্রধানমন্ত্রীকে আমার মনের কথাটাই বলেছি। সবার মনের কথাই বলেছি। কাউকে উদ্দেশ করে কিছু বলি নাই। আমি তো রাজনীতিবিদ না, আমি গৃহিণী। আমরা নিরাপদ, পরিচ্ছন্ন দেশ চাই।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের দোতলায় বেডে শুয়ে প্রথম আলোকে এসব কথা বলেন শাহবাগে বাসে পেট্রলবোমায় দগ্ধ হওয়া গৃহবধূ গীতা সেন। (মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্টার খাতায় তাঁর নাম ভুলক্রমে ‘সরকার’ লেখা হয়েছিল। তাই গতকাল প্রথম আলোতে ‘সেন’-এর স্থলে ‘সরকার’ লেখা হয়েছে।) একই ঘটনায় তাঁর মেয়ে সুস্মিতা সেনও দগ্ধ হয়।
গত রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার্ন ইউনিটে অগ্নিদগ্ধদের দেখতে গেলে গীতা সেন তাঁর কাছে ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেছিলেন।
প্রধানমন্ত্রীর কাছে গীতা সেনের প্রতিক্রিয়া গত রোববার ও গতকাল সোমবার গণমাধ্যমে প্রকাশিত হয়। প্রকাশের পর থেকেই নানা মহলে তা আলোচনার বিষয় হয়ে ওঠে। উৎসাহী অনেকেই গতকাল তাঁকে দেখতে যান। সবাই বলছিলেন, গীতা সেন প্রধানমন্ত্রীর কাছে সবার মনের কথাই বলেছেন।
গতকাল দুপুরে বার্ন ইউনিটে গিয়ে দেখা যায়, হাতে ব্যান্ডেজ ও মুখে ক্ষত নিয়ে বেডে শুয়ে আছেন গীতা সেন। পাশে তাঁর মেয়ে কণা সেন। ‘কেমন আছেন’—জানতে চাইলে গীতা সেন বলেন, ‘এখন একটু ভালো লাগতাছে। তবে হাতে ব্যথা। হাসপাতাল কর্তৃপক্ষও আমাদের সহযোগিতা করতেছে। কোনো কিছু কিনতে হচ্ছে না। প্রধানমন্ত্রী তো বলেছেন, তিনি সব ধরনের সহযোগিতা করবেন।’
‘প্রধানমন্ত্রীর কাছে আপনি তো অনেক কথাই ব্যক্ত করেছেন’—জানতে চাইলে গীতা সেন বলেন, ‘আমি সবার কথা বলে দিয়েছি। আমরা সরকার তৈরি করি। সরকার আমাদের মারে। যে সরকারে থাকে না, সেও মারে।’ তিনি বলেন, ‘এ যে আপনারা নিউজ করছেন, আপনারাও কি নিরাপত্তায় আছেন? আমার মেয়েও তো (সুস্মিতা সেন) নিউজ করত, এখন সে নিজেই নিউজ হইয়া গেল।’
পুরান ঢাকার লক্ষ্মীবাজারের ঋষিকেশ দাস লেনে দুই মেয়ে ও স্বামী নিয়ে থাকেন গীতা সেন। স্বামী গোপাল সেন বৈদ্যুতিক যন্ত্রপাতির কারিগর। ইসলামপুরের পাটুয়াটুলিতে তাঁর দোকান আছে। বড় মেয়ে কণা সেন চাকরি করেন। ছোট মেয়ে সুস্মিতা লক্ষ্মীবাজারে ঢাকা মহানগর মহিলা কলেজের প্রথম বর্ষের ছাত্রী। পাশাপাশি বেসরকারি টেলিভিশন ইটিভির মুক্ত খবর অনুষ্ঠানের খুদে সাংবাদিক হিসেবে কাজ করে। গত বৃহস্পতিবার সুস্মিতাকে নিয়ে বিহঙ্গ বাসে চড়ে কারওয়ান বাজারে ইটিভির কার্যালয়ে যাচ্ছিলেন গীতা।
গীতার মেয়ে কণা প্রথম আলোকে বলেন, হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার পর সুস্মিতাকে বাসায় রাখা হয়েছে। বাবাই দেখভাল করছেন।
ঘটনার বর্ণনা দিয়ে গীতা সেন বলেন, ‘আগুন ধরার সঙ্গে সঙ্গে সবাই দাঁড়াইয়া যাই। আমিও দাঁড়াইয়া গিয়া দ্রুত বাস থেকে বের হইয়া আসি। আমার গায়ে তখনো আগুন লাগে নাই। কিন্তু পেছনে তাকাইয়া দেখি, আমার মেয়ে সুস্মিতা নাই। মেয়ের খোঁজে জ্বলন্ত বাসে আবার উঠলেই আমার শাড়ির আঁচলে আগুন লাগে। ওই অবস্থায় মেয়েরে নিয়া বাইর হইয়া আসি।’ গীতা বলেন, ‘একটা পরিবারের দুজনই দগ্ধ। সবাই ভয় পাইয়া গেছে। সবাই মানসিকভাবে ভেঙে পড়েছে।’
গীতা সেন বলেন, ‘যারা আগুন ধরায়, যারা আমাদের মারে, তাদের ধরেন। আমরা সুষ্ঠু নির্বাচন চাই। ভালো নেতা চাই। আমরা সবাই শান্তি চাই।’