‘প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার বক্তব্য এখতিয়ারবহির্ভূত’
র্যাবের গুলিতে পঙ্গু লিমন প্রসঙ্গে সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক ছাত্রনেতারা। গতকাল বুধবার এক যুক্ত বিবৃতিতে তাঁরা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, সরকার ও প্রশাসনের উচ্চপর্যায়ের নেতারা, বিশেষ করে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, তা তাঁর এখতিয়ারবহির্ভূত।সাবেক ছাত্রনেতারা বলেন, ‘প্রতিরক্ষা উপদেষ্টার লিমন ও তার পরিবারকে দোষী ও অপরাধী হিসেবে চিহ্নিত করে বক্তব্য প্রদানের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি। বিচারাধীন বিষয় নিষ্পত্তি হওয়ার আগে প্রতিরক্ষা উপদেষ্টার এই বক্তব্য শুধু এখতিয়ারবহির্ভূতই নয়, একটি জাতীয় দৈনিকের সম্পাদকের বিরুদ্ধে বিষোদ্গার চরম কাণ্ডজ্ঞানহীনতার বহিঃপ্রকাশ।’যুক্ত বিবৃতি প্রদান করেছেন ফজলে হোসেন বাদশা (সাংসদ), শিরীন আখতার, মুশতাক হোসেন, নূর আহমেদ বকুল, রাগীব আহসান মুন্না, রুহিন হোসেন প্রিন্স, আসলাম খান, মোখলেছুর রহমান মোক্তাদির, খন্দকার সাইদুর রহিম, মাহমুদ হাসান বুলু, ওবায়দুর রহমান চুন্নু, করিম শিকদার, দিপংকর সাহা, হাসান হাফিজুর রহমান সোহেল, হাসান তারিক চৌধুরী সোহেল, সাব্বাহ আলী খান, শরীফুজ্জামান শরীফ, তারিক হোসেন মিঠুল, নূর আলম প্রমুখ।এদিকে গণতান্ত্রিক বাম মোর্চা গতকাল বুধবার এক সভায় লিমন ও তার বাবা-মাকে সন্ত্রাসী বানানোর অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। দলটির নেতারা বলেন, বিচারাধীন বিষয়ে র্যাব ও সরকার একের পর এক সংবাদ সম্মেলন করছে এবং তারাই লিমনের ঘটনা তদন্ত করছে। এটি দেশের বিচারব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর শামিল। সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা সাইফুল হক, অধ্যাপক আবদুস সাত্তার, টিপু বিশ্বাস প্রমুখ।