'প্রবাস থেকেও দেশ' বিজয়ী যাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশে থাকলেও তাঁদের মন পড়ে থাকে দেশেই। দেশ নিয়ে আছে তাঁদের গভীর সব আবেগ-অনুভূতি। প্রবাসীদের একান্ত সেই অনুভূতি আর অভিজ্ঞতার কথাই পাঠকদের জন্য তুলে এনেছিল প্রথম আলো। আয়োজন করেছিল প্রবাসে থেকেও দেশ নামের একটি প্রতিযোগিতার। সে প্রতিযোগিতার ফল প্রকাশিত হল আজ।
প্রবাসীদের জন্য প্রথম আলো আয়োজিত প্রবাসে থেকেও দেশ শিরোনামের লেখা প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন ইতালিতে বসবাসরত মোহাম্মদ নাহিদ জামান। তাঁর লেখার শিরোনাম ‘ভালোবাসি তোমায়....’। তিনি পেয়েছেন পাঁচ হাজার ৭৪৫ ভোট। প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন কানাডায় বসবাসরত কিশোয়ার লায়লা। তাঁর লেখার শিরোনাম ‘বাংলাদেশ-নামটার কোথাও লুকিয়ে আছে শান্তি।’ তিনি ভোট পেয়েছেন পাঁচ হাজার ২৪। প্রথম ও দ্বিতীয় হওয়ায় পুরস্কার হিসেবে তাঁরা পাচ্ছেন বর্তমানে অবস্থানরত দেশ থেকে বাংলাদেশে আসা-যাওয়ার বিমান টিকিট।
প্রতিযোগিতায় তৃতীয় হয়েছেন যুক্তরাজ্যে বসবাসরত সিফাত ই রাব্বী, চতুর্থ হয়েছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত আবদুস সাত্তার ও পঞ্চম হয়েছেন ফিলিপাইনে বসবাসরত মুরাদুল ইসলাম। এই তিনজন পুরস্কার হিসেবে পাচ্ছেন বই।
প্রবাস জীবনে দেশকে নিয়ে অনেক স্বপ্ন, অনুভূতি ও অভিজ্ঞতার কথা জানিয়ে ‘প্রবাসে থেকেও দেশ’ শিরোনামের এ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন অনেক প্রবাসী বাংলাদেশি। প্রতিযোগিতার অংশ হিসেবে ৫০০ শব্দের মধ্যে দেশ নিয়ে ‘নিজেদের ভাবনা’ বাংলায় লিখে পাঠিয়েছিলেন তাঁরা। বাছাই করা লেখাগুলো নববর্ষের শুরুর দিন পয়লা বৈশাখ প্রথম আলোর ওয়েবসাইটে (prothom-alo.com) প্রকাশিত হয়। সেরা লেখা বাছাইয়ে জন্য শুরু হয় ভোট পর্ব। প্রথম আলোর নিবন্ধিত যে কোনো ব্যবহারকারী ভোট দেওয়ার সুযোগ পান। ৭ মে পর্যন্ত ভোট চলে। আর পাঠকদের দেওয়া ওই ভোটের ভিত্তিতেই বিজয়ী নির্ধারণ করা হয়েছে।
প্রবাসীদের লেখাগুলো প্রথম আলো অনলাইনে (prothom-alo.com) প্রকাশিত হয়েছে। লেখাগুলো পড়তে চাইলে যেতে হবে (www.prothom-alo.com/probashi) ঠিকানায়।