প্রবাসী বাঙালির মুক্তিযুদ্ধ এবং ড. মাহবুবুল আলম বইয়ের প্রকাশনা উৎসবে বক্তারা মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালির অবদানের জন্য তাঁদের সম্মাননা প্রদানে রাষ্ট্রীয় উদ্যোগের আহ্বান জানিয়েছেন।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে আয়োজিত এক প্রকাশনা অনুষ্ঠানে এই বইয়ের মোড়ক উন্মোচন করেন। প্রকাশনা সংস্থা সাহিত্য প্রকাশ আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতা মুকুল চৌধুরী, অর্থনীতিবিদ মো. সাইদুজ্জামান, বইয়ের সম্পাদক ও মাহবুবুল আলমের স্ত্রী সালমা আলম, লেখক ও প্রকাশক মফিদুল হক প্রমুখ। এ এম এ মুহিত যুক্তরাষ্ট্রপ্রবাসী বাঙালি পদার্থবিজ্ঞানী মাহবুবুল আলমের স্মৃতিচারণ করে বলেন, মাহবুবুল আলম তাঁর মানবিক গুণাবলির কারণে বোস্টনে প্রবাসী বাঙালিদের মধ্যে জনপ্রিয় ছিলেন। তাঁর উদারতা ও মানবিকতার সঙ্গে যুক্ত ছিল দেশপ্রেম। একাত্তরের মুক্তিযুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তিনি নানাভাবে কাজ শুরু করেন।
মাহবুবুল আলমসহ আরও যেসব প্রবাসী বাঙালি মুক্তিযুদ্ধে নানাভাবে সহায়তা করেছেন, তাঁদের অবদানের স্বীকৃতি দিতে সম্মাননা প্রদানের জন্য রাষ্ট্রীয় উদ্যোগের আহ্বান জানানআ ওয়ামী লীগের নেতা মুকুল চৌধুরী।
বইয়ের প্রকাশক মফিদুল হক বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে মাহবুবুল আলম বোস্টনে সভা-সমিতির আয়োজন এবং বিভিন্ন উপায়ে অর্থ সংগ্রহ করে মুক্তিযোদ্ধাদের সহায়তা করেন। বিজ্ঞপ্তি।