'প্রবাসে নারী কর্মীদের যৌন নির্যাতনের খবর সত্য নয়'
প্রবাসে নারী কর্মীদের ওপর যৌন নির্যাতন বাড়ার খবর সত্য নয় বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম। আজ রোববার সংসদে কামাল আহমেদ মজুমদারের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
প্রবাসী কল্যাণ মন্ত্রী আরও বলেন, বিচ্ছিন্নভাবে প্রবাসে নারী কর্মীদের ওপর কিছু নির্যাতনের খবর পাওয়া গেছে। এ ধরনের খবর পাওয়া মাত্র সংশ্লিষ্ট দূতাবাস নারী কর্মীদের উদ্ধার করে প্রয়োজনীয় আইনি সহায়তা দিয়ে থাকে। কোনো গৃহকর্মী নিয়োগ কর্তার অধীনে কাজ করতে হলে রাজি না থাকলে তার ইচ্ছা অনুযায়ী অন্যত্র কাজের ব্যবস্থা করা হয়। মমতাজ বেগম নামের একজন নারী কর্মী গত ২৪ মে আবুধাবিতে একটি ভবনের ১৪ তলা থেকে পড়ে মারা যান। ঘটনাটিকে প্রাথমিকভাবে আত্মহত্যা বলে সন্দেহ করা হয়েছিল। তবে আবুধাবি পুলিশের প্রতিবেদন অনুযায়ী মমতাজের শরীরে নির্যাতনের কোনো আলামত পাওয়া যায়নি।
হাবিবুর রহমান মোল্লার প্রশ্নের জবাবে নুরুল ইসলাম বলেন, সৌদি আরবে নারী কর্মীদের ওপর যৌন নির্যাতনের খবর সত্য নয়। সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। বিদেশে নারী কর্মীদের একটি করে মোবাইল ফোনের সিম দেওয়া হয়েছে। কোনো ধরনের সমস্যা হলে তাঁদের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
গোলাম দস্তগীর গাজীর প্রশ্নের জবাবে নুরুল ইসলাম বলেন, বিদেশে অদক্ষ শ্রমিকের তুলনায় দক্ষ শ্রমিকের চাহিদা বেশি। তাই সরকার ছয়টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি ও ৪৭টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে এক লাখ ১৫ কর্মীকে প্রশিক্ষণ দিয়েছে। এ ছাড়া নতুন করে ১৭টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের প্রকল্প শেষ হওয়ার পথে।
সেলিনা বেগমের প্রশ্নের জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, চলতি অর্থবছরে সংরক্ষিত আসনের নারী সদস্যদের জন্য প্রথম পর্যায়ে কাবিখা কর্মসূচির আওতায় ১০০ টন এবং টিআর কর্মসূচির আওতায় ১০০ টন খাদ্য শস্য বরাদ্দ করা হয়েছে।
জাতীয় পার্টির সেলিম উদ্দিনের প্রশ্নের জবাবে খাদ্য মন্ত্রী কামরুল ইসলাম বলেন, ব্রাজিল থেকে নিম্নমানের গম আমদানি সংক্রান্ত প্রকাশিত খবর সত্য নয়। আমদানি করা গম বিভিন্ন পরীক্ষাগারে পরীক্ষা করে এ তথ্য পাওয়া গেছে।
প্রশ্নোত্তরের আগে বিকেল সাড়ে চারটার পর স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অষ্টম অধিবেশনের প্রথম কার্যদিবস শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।