'প্রবীণ নারীদের কথা কেউ বলে না'

হেলপএইজ ইন্টারন্যাশনালের ট্রাস্টি বোর্ডের সদস্য ফেরদৌস আরা বেগম বেশ খানিকটা আক্ষেপ নিয়েই বললেন, প্রবীণ নারীদের কথা কেউ মনে রাখে না। তাঁদেরও যে অধিকার আছে, তা নিয়ে কারও মাথাব্যথা নেই। অথচ প্রবীণ নারীরা পরিবারের জন্য শুধু করেই যাচ্ছেন।
আজ বুধবার ডেনমার্কের কোপেনহেগেনে চতুর্থ গ্লোবাল উইমেন ডেলিভার কনফারেন্সে প্রবীণ নারীদের নিয়ে একটি সেশনে (ওলডার উইমেন ডেলিভার টু) অংশগ্রহণ শেষে প্রথম আলোকে ফেরদৌস আরা বেগম এ কথা বলেন।
নিউইয়র্কভিত্তিক গ্লোবাল অ্যাডভোকেসি এনজিও উইমেন ডেলিভার আয়োজিত এবারের চতুর্থ সম্মেলনের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘ইনভেস্ট ইন গার্লস অ্যান্ড উইমেন-ইট পেইস’। কোপেনহেগেনের বেলা সেন্টারে ১৬ মে থেকে এ সম্মেলন আয়োজনে ডেনমার্ক সরকার, জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ), ইউএন-উইমেনসহ নানান সংস্থা ও সংগঠন সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।
জাতিসংঘের নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপ সনদ বা সিডও কমিটির সাবেক সদস্য ফেরদৌস আরা বলেন, বিশ্বের মোট নারীর মধ্যে ২৫ শতাংশের বয়স ৫০ থেকে ৬০ বছর বয়সের বেশি। বাংলাদেশে প্রবীণ জনগোষ্ঠী নিয়ে সেভাবে পরিসংখ্যান না থাকলেও দেশের ১ কোটি ২৫ লাখ বা মোট জনসংখ্যার ৮ শতাংশ মানুষকে ষাটোর্ধ্ব বলা হয়। এখানে প্রবীণ নারী কত তা আলাদা করে বলার উপায় নেই। তবে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বেশির ভাগ দেশেই প্রবীণ নারীদের তথ্য আলাদা করে নেই। অথচ এই নারীরা চেঞ্জমেকারের দায়িত্ব পালন করছেন। তাঁদের অনেকেই একেকজন দক্ষ ধাত্রী। বর্তমানে কাজের সন্ধানে শহরে যাচ্ছে ছেলেমেয়েরা। আর তাঁদের সন্তানদের দেখভাল করছেন গ্রামে থাকা দাদি বা নানিরা। প্রবীণ নারীদের নিজেদের চাহিদার কথা বলার সময় নেই। কেননা পুরো পরিবারের দেকভালের দায়িত্বই তো তাঁর কাঁধে। কিন্তু এ কাজের জন্য কোনো স্বীকৃতি মেলে না।
ফেরদৌস আরা বেগম চতুর্থ উইমেন ডেলিভার সম্মেলনের উদাহরণ দিয়ে বলেন, সম্মেলনের মূল ফোকাস নারী-শিশুর প্রজনন ও যৌন স্বাস্থ্য এবং অধিকার। ২০১৫-পরবর্তী জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় (এসডিজি) নারী ও শিশুর স্বাস্থ্য নিয়ে কী বলা আছে, তা বাস্তবায়নে চ্যালেঞ্জ কী আছে তা তুলে ধরে উত্তরণের পন্থা খুঁজে বের করা। ১৬ থেকে ১৯ মে পর্যন্ত সম্মেলনে মাত্র একটি সেশন রাখা হয়েছে প্রবীণ নারীদের বিষয়ে। অথচ এসডিজিতে সব বয়সী মানুষের কথা বলা হয়েছে।
দক্ষিণ এশিয়া ও বাংলাদেশের মধ্যে প্রথমবারের মতো হেলপএইজ ইন্টারন্যাশনালের ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করা (চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে) ফেরদৌস আরা বলেন, বিভিন্ন দেশের সরকারও প্রবীণ নারীদের বিষয়টিতে নজর দেয়নি। প্রবীণ ব্যক্তিদের অধিকার রক্ষায় ২০০২ সালে মাদ্রিদ ইন্টারন্যাশনাল প্ল্যান অব অ্যাকশন তৈরি হয়। ১৫৯টি দেশ তাতে সই করে। সিডও সনদের জেনারেল রিকোমন্ডেশন ২৭ এ আলাদা করে প্রবীণ নারীদের অধিকার রক্ষার কথা বলা আছে। এ রিকোমন্ডেশন জাতিসংঘ অনুমোদন করে ২০১০ সালে। ১৮৯টি দেশ এতে সম্মতি দিয়েছে। সিকিউরিটি কাউন্সিলের রেজল্যুশনেও বলা আছে। কিন্তু বিভিন্ন দেশের অবস্থার তেমন পরিবর্তন হয়নি। তবে বাংলাদেশ এ ক্ষেত্রে অনেক দেশের তুলনায় এগিয়ে আছে। সরকার একটি প্রবীণ নীতিমালা করেছে। সরকার মা-বাবার জন্য ভরণপোষণ আইন তৈরি করেছে। দেশের ৩০ লাখ প্রবীণ ব্যক্তিকে ভাতার আওতায় আনা হয়েছে। ভাতার পরিমাণ ও প্রবীণের পরিমাণ দিন দিন বাড়ছে।
বাংলাদেশের প্রবীণ নারীদের প্রসঙ্গে ফেরদৌস আরা বলেন, দেশের বেশির ভাগ প্রবীণ নারী বিধবা। বয়স্ক পুরুষ স্ত্রী মারা গেলে আবার বিয়ে করলেও প্রবীণ নারীরা সাধারণত দ্বিতীয় বিয়ে করেন না। অন্যদিকে প্রবীণ নারীদের বেশির ভাগেরই বসবাস গ্রামে।
ফেরদৌস আরা বলেন, প্রবীণ নারীদের বিষয়টিকে আলাদাভাবে দেখলে চলবে না। একটি শিশুর জন্ম এবং প্রবীণ বয়স পর্যন্ত পৌঁছানোর বিষয়টিকে লাইফ কোর্স অ্যাপ্রোচের ভিত্তিতে দেখতে হবে। জীবনের সব কটি ধাপকে গুরুত্ব দিয়ে বাজেট বরাদ্দ করতে হবে। মোট কথা, সরকারের জবাবদিহি বাড়াতে হবে।
ফেরদৌস আরা বলেন, বাংলাদেশসহ বিভিন্ন দেশে নারী নির্যাতন নিয়ে অনেক কথা হয়। কিন্তু সেখানেও প্রবীণ নারীর বিষয়টি আলোচনায় আসে না। পরিবারে ছেলে মারছে, অন্য কেউ প্রবীণ নারীর সম্পত্তি কেড়ে নিচ্ছে। তবে এ ক্ষেত্রে নিউইয়র্কের উদাহরণ দেওয়া যায়। সেখানে বিভিন্ন রাস্তায় সরকার বিজ্ঞাপন দিয়েছে, প্রবীণ নারীদের মধ্যে কেউ নির্যাতনের শিকার হলে যাতে পুলিশের সহায়তা নেন।
হেলপএইজ ইন্টারন্যাশনাল প্রসঙ্গে ফেরদৌস আরা জানান, এটি একটি এনজিও, যা গ্লোবাল নেটওয়ার্ক বাড়ানোর কাজ করছে। বাংলাদেশসহ ৮৭টি দেশ এর সঙ্গে সম্পৃক্ত। ট্রাস্টি বোর্ডে ১৫ জন সদস্য আছেন। আইন, নীতি তৈরি এবং সে অনুযায়ী বিভিন্ন দেশে কাজ হচ্ছে কি না, তা দেখে এ সংগঠন। ট্রাস্টি বোর্ড ছাড়াও অন্যান্য দল কাজ করছে। কোনো দেশ প্রবীণ জনগোষ্ঠীর অধিকার রক্ষা না করলে বাধ্য করতে পারে না হেলপএইজ ইন্টারন্যাশনাল। তার কাজ শুধু অ্যাডভোকেসি করা।
ফেরদৌস আরা বিভিন্ন দেশের সরকারকে মনে করিয়ে দিলেন, প্রবীণ নারীদের সংখ্যা দিন দিন বাড়ছে। আর দেশের একটি বড়সংখ্যক অংশকে বাদ দিয়ে দেশের উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। যে দেশ এদিকে নজর না দেবে, সে দেশ নিজেই ক্ষতির সম্মুখীন হবে।