'প্রবৃদ্ধির নতুন দিগন্তে' বাংলাদেশ

বাংলাদেশ আজ প্রবৃদ্ধির নতুন দিগন্তে। তবে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের ‘প্রাদুর্ভাব’ রুখতে না পারলে শেখ হাসিনা সরকারের অর্জনগুলো আটকে যাবে। কথাগুলো বলেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।
‘দিন বদলের সাত বছর’ উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আজ বৃহস্পতিবার আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপপরিষদ আয়োজিত এক সেমিনারে বক্তব্য দেন তিনি।
অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘শেখ হাসিনার অনেক অর্জন আছে। ১৯৭১-’৭২ সালে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলা হয়েছিল। আজ প্রবৃদ্ধির নতুন দিগন্তে বাংলাদেশ। অর্জনের মধ্যে বড় ঘটনা হলো যুদ্ধাপরাধীদের বিচার এবং তা কার্যকর করা। এটা সংক্ষুব্ধদের কিছুটা হলেও সান্ত্বনা দেবে। এ বিচার বন্ধে চাপ কম ছিল না। প্রধানমন্ত্রীর দৃঢ়তার কারণে সেসব চাপ অগ্রাহ্য করেছেন। অর্জন অনেক আছে, এটা বললাম। তবে আত্মতুষ্টিতে ভুগলে চলবে না। ১৯৭১ সালের পর আমরা আত্মতুষ্টিতে ভুগেছিলাম। এ জন্য স্বাধীনতাবিরোধীরা তৎপর ছিল। আজ দেশে সাম্প্রদায়িকতার প্রত্যাবর্তন, জঙ্গিবাদের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তা রুখতে হবে, নতুবা অর্জনগুলো আটকে যাবে।’
তিনি বলেন, ‘বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো এখনো গড়ে ওঠেনি। সেদিকে মনযোগ দিতে হবে। বিশেষ করে স্থানীয় স্বায়ত্তশাসন। শিক্ষায় অগ্রগতি আছে। সবার জন্য একই ধরনের শিক্ষা চালু করা যায়নি। দুর্নীতি দূর করার কাজ অসম্পূর্ণ রয়েছে।’
সেমিনারে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচকে কেন্দ্র করে এবং তাঁর পরবর্তী বর্ষপূর্তিতে যে সহিসংতা হয়েছে; তা নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা যেতে পারে। খালেদা জিয়াসহ অন্যদের বিচার করা এবং সাজা হওয়া উচিত। এসব সহিংসতায় জড়িতদের বিচার করতে হবে। একই সঙ্গে হুকুমের আসামিদেরও। হুকুমের আসামির ব্যাপারে আইনের নিরপেক্ষ প্রয়োগ করার সময় হয়েছে। খালেদা জিয়ার মামলার শুনানি পড়লে তিনি মন চাইলে হাজির হন, না চাইলে হন না। তাঁর ব্যাপারে কঠোর হতে হবে।’ ২০০১ সালের জাতীয় নির্বাচনের পরের সহিংসতা হালাকু খানের সহিংসতাকে হার মানিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশের নানান অর্থনৈতিক সাফল্য তুলে ধরে অর্থনীতিবিদ বিনায়ক সেন বলেন, ‘দেশে মধ্যবিত্তের সংখ্যা বাড়ছে। তবে তাঁদের গুণগত যে সমৃদ্ধির দরকার ছিল, সেটা হয়নি। বাংলাদেশের এখনকার অর্থনৈতিক অবস্থা পরবর্তী ধাপে নিতে হলে গুণগত মান সম্পন্ন মধ্যবিত্তের সংখ্যা বাড়াতে হবে।’
তিনি আরও বলেন, ‘রাজনীতিবিদদের সঙ্গে সুশীল সমাজের একটা দূরত্ব আছে। আওয়ামী লীগের উচিত সেটা কমিয়ে আনা। শুধু আওয়ামী লীগের বুদ্ধিজীবী নয়, যাঁরা নীরব বুদ্ধিজীবী তাদেরও কাছে টানতে হবে। গণতন্ত্র একটা জটিল বিষয়। এটা টেকসই করতে হলে রাজনৈতিক দলে আগে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।’
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপপরিষদের চেয়ারম্যান এইচটি ইমামের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ, অর্থনীতিবিদ শামসুল ইসলাম, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল, আইনজীবী তানিয়া আমীর, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ প্রমুখ।
দলের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিলের পরিচালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ কে আজাদ চৌধুরী।