সিলেট সিটি করপোরেশন নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। কোনো রকম পুলিশি প্রটোকল ছাড়াই গতকাল শনিবার দুপুরে নগরের বন্দরবাজার এলাকার দুর্গাকুমার পাঠশালা কেন্দ্রে ভোট দেন তিনি।
গতকাল ভোট দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী এ প্রসঙ্গে জানান, শুক্রবার রাতে তিনি উন্নয়ন প্রকল্প নিয়ে কয়েকজন সাংসদের সঙ্গে কথা বলেছেন। যাঁরা সিটি করপোরেশন এলাকার ভোটার নন। এর বাইরে তিনি আর কাউকে সাক্ষাৎ দেননি। তাঁর আগমন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং প্রভাব খাটানোর অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকেরা দৃষ্টি আকর্ষণ করলে অর্থমন্ত্রী বলেন, ‘বিএনপি যে অভিযোগ করেছে, সেটা টোটালি রাবিশ ও বোগাস। আমি শুধু ভোট দিতেই সিলেটে এসেছি। আচরণবিধি লঙ্ঘিত হবে বলে আমি আমাদের প্রার্থীর (বদরউদ্দিন আহমদ কামরান) সঙ্গে দেখা পর্যন্ত করিনি।’
নির্বাচনী পরিবেশ সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, ‘যতটুকু দেখলাম, অভূতপূর্ব। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। জাতীয় নির্বাচনেও এত শান্তিপূর্ণ ভোট দেখা যায়নি।’
গতকাল ভোট দিয়ে দুপুরে বিমানের একটি ফ্লাইটে অর্থমন্ত্রী ঢাকায় ফেরেন।
অর্থমন্ত্রী মেয়র পদে বদরউদ্দিন আহমদ কামরানসহ কাউন্সিলর পদে যে দুজনকে ভোট দেন, তাঁদের প্রতীক উল্লেখ করে উপস্থিত সাংবাদিকদের জানান। ভোট দিতে অর্থমন্ত্রী গত শুক্রবার বিকেলে সিলেটে এলে বিএনপির নেতারা জরুরি সংবাদ সমেঞ্চলন করে তাঁর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলেন।